ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বুধবার সকালে মালবাহী একটি ট্রাকের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে চার জন নিহত হয়েছে।
রাজামারিয়াকান্দি এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখলাছ হোসেন।
নিহতরা হলেন- ট্রাকচালক আকবর আলী (৪২), মাইক্রোবাসচালক জুয়েল মিয়া, শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র লোকমান হোসেন (১৬) এবং রাজামারিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আজিজ মিয়া (১১)।
ওসি আখলাছ সাংবাদিকদের বলেন, "পাথরবাহী ট্রাকটি রাজামারিয়াকান্দি এলাকায় বিকল হয়ে পড়েছিল। তখন রাস্তার ওপর ট্রাক রেখে আকবর আলী পেছনের চাকা ঠিক করছিল। কৌতূহলী হয়ে তার পাশে দাঁড়িয়েছিল লোকমান ও আজিজ। ঠিক ওই সময়ই মাইক্রোবাসটি পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়।"
দুর্ঘটনায় আকবর ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে পাঠানোর পথে মৃত্যু হয় লোকমান ও আজিজের।
গুরুতর আহত মাইক্রোবাসচালক জুয়েলকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে তার মৃত্যু হয়।
লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24