সাভার, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার উপজেলার আমিনবাজারে মঙ্গলবার দুপুরে গণপিটুনিতে জহিরুল ইসলাম জহুর (২৫) নামে এক সন্ত্রাসী নিহত এবং তার এক সহযোগী আহত হয়েছে।
আহত জুয়েলকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জহুর আমিনবাজারের বেগুনবাড়ী মহল্লার মোহাম্মদ আলীর ছেলে।
সাভার থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, আমিনবাজার এলাকার সন্ত্রাসী জহিরুল ইসলাম জহুরের বিরুদ্ধে সাভার থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার সে এক সহযোগীসহ এলাকায় আসে।
দুপুর ১২টার দিকে আমিনবাজারে ঘোরাফেরা করতে দেখে এলাকার লোকজন জহুর ও জুয়েলকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই জহুর মারা যায়। পুলিশ এসে জনতার হাত থেকে জুয়েলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এখনও মামলা হয়নি। তবে নিহতের স্বজনরা মামলা দিলে তা হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে জহুরের বাবা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জহুর খারাপ ছেলে। সে মানুষ খুন করেছে। সে মারা গেছে তাতে আমার কোনো দুঃখ নেই। এখন এলাকার লোকজন শান্তিতে বসবাস করতে পারবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৬ ঘ.
bdnews24