বরিশাল, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালে ধর্ষণ মামলায় নান্টু হাওলাদার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন আদালতের বিচারক আবুল হোসেন বেপারী এ রায় দেন।
দণ্ডিত নান্টু হাওলাদার বর্তমানে পলাতক।
বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া গ্রামের নান্টু হাওলাদার একই গ্রামের আব্দুল হকের মেয়ে পারভীন আক্তারকে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করে। পরে বিয়ে করতে অস্বীকার করলে পারভীন ২০০২ সালের ২২ নভেম্বর কোতয়ালি থানায় নান্টুর বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আবুল খায়ের ওই বছরের ২৯ ডিসেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৬ ঘ.
bdnews24