২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় কৃমিনাশক ঔষধ খেয়ে তিন ভাই-বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার গোকর্ন ঘাট দক্ষিণপাড়ায় কৃমিনাশক সিরাপ খেয়ে একই পরিবারের তিন শিশু মারা গেছে। নিহতরা হল- এলাকার আব্দুল হাসিমের মেয়ে শারমিন (৮) ও সোনিয়া (১০মাস) এবং ছেলে শরিফ মিয়া (৬)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 12:12 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার গোকর্ন ঘাট দক্ষিণপাড়ায় কৃমিনাশক সিরাপ খেয়ে একই পরিবারের তিন শিশু মারা গেছে। নিহতরা হল- এলাকার আব্দুল হাসিমের মেয়ে শারমিন (৮) ও সোনিয়া (১০মাস) এবং ছেলে শরিফ মিয়া (৬)। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। শিশুদের মা হালিমা বেগম সাংবাদিকদের জানান, শনিবার রাতে ঘুমানোর আগে তাদের এ সিরাপ খাওয়ানো হয়। রোববার সকালে দেখা যায় তারা মৃত। তিনি জানান, প্রায় আট মাস আগে কিশোরগঞ্জের নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ সিরাপ আনা হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নুরুল আমীন সাংবাদিকদের বলেন, ঔষুধটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুসা খান, জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মনির হোসেন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল খালেক। তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ সুপার লুৎফর রহমান মন্ডল ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আনোয়ার হোসেন ঘটনাস্থলে যান। ওসি আনোয়ার হোসেন বলেন, অসচেতনতার জন্যেই এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৮০৩ ঘ.