২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক দেশগুলোর যোগাযোগ অবকাঠামো উন্নয়নের আহ্বান

সার্কভুক্ত দেশগুলোর উন্নয়নে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন সবচেয়ে জরুরি বলে রাজধানীতে অনুষ্ঠিত একটি সেমিনারে মত দিয়েছেন বক্তারা। সার্ক চেম্বার উইমেন এন্টারপ্রেনার্স কাউন্সিল (এসসিডব্লিউইসি) শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে 'সার্কভুক্ত দেশগুলোতে শিল্প ও অবকাঠামো উন্নয়নের সুযোগ' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2008, 05:34 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্কভুক্ত দেশগুলোর উন্নয়নে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন সবচেয়ে জরুরি বলে রাজধানীতে অনুষ্ঠিত একটি সেমিনারে মত দিয়েছেন বক্তারা। সার্ক চেম্বার উইমেন এন্টারপ্রেনার্স কাউন্সিল (এসসিডব্লিউইসি) শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে 'সার্কভুক্ত দেশগুলোতে শিল্প ও অবকাঠামো উন্নয়নের সুযোগ' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, "সার্ক অঞ্চলের সব দেশের মধ্যে এখনো বিমান চলাচল শুরু হয়নি। নিজেদের মধ্যে বাণিজ্যের পরিমাণও অনেক কম।" পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলের দেশগুলোর অবকাঠামো উন্নয়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, "বাংলাদেশে বিদ্যুৎ খাতে বিনিয়োগ প্রয়োজন। ভুটানে জলবিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এখানেও সেভাবে করা যায় কি না তা দেখতে হবে।" সত্য ও জবাবদিহিতা কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান বলেন, "সার্ক অঞ্চলে পণ্য চলাচলের জন্য পর্যাপ্ত যোগাযোগ অবকাঠামোর অভাব রয়েছে। বিমান যোগাযোগ সহজ করার জন্য 'ওপেন স্কাই' পলিসি গ্রহণ করা এবং নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা দরকার।" তিনি বলেন, "ব্যবসায় উন্নতি ও কারিগরি জ্ঞানের বিনিময়ের জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভিসা পদ্ধতি আরও সহজ করতে হবে।" অনুন্নত অবকাঠামোকে বাংলাদেশে বিনিয়োগের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, "জ্বালানি, বিদ্যুৎ, তৈরি পোশাক, তথ্য প্রযুক্তি ও ওষুধ শিল্পে বিনিয়োগের জন্য আমরা বিদেশিদের আহ্বান জানাচ্ছি। তবে বিনিয়োগের জন্য অবকাঠামোর উন্নয়ন দরকার।" এসসিডব্লিউইসি'র চেয়ারপারসন ভি এল ইন্দিরা দত্ত বলেন, "বিশ্বমানের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা দক্ষিণ এশিয়ার উন্নয়নের প্রধান এজেন্ডা। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাস্তাঘাট, জ্বালানি-বিদ্যুৎ, বিমানবন্দর ও মানব উন্নয়ন জরুরি হয়ে পড়েছে।" অন্যান্যের মধ্যে সেমিনারে এসসিডব্লিউইসি'র সাবেক চেয়ারপারসন নাসরিন আওয়াল মিন্টু, ভারতের মা লক্ষী এনার্জি ভেনচারস-এর চেয়ারম্যান হরিশ চন্দ্র প্রসাদ, এসসিডব্লিউইসি'র ভাইস চেয়ারপারসন নাজ ফারহানা আহমেদ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/এসকে/২৩১৮ঘ.