ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ শিক্ষা থেকে দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়ার 'সামাজিক দুষ্টচক্র' ভেঙে ফেলতে এবং এশীয়দের একটি নতুন পরিচয় গড়ে দিতে চট্টগ্রামে প্রতিষ্ঠিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
শনিবার এ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "স্বচ্ছল পরিবার থেকে আসা শিক্ষার্থীরাই কেবল উচ্চ শিক্ষার সুযোগ পাবে- অনেক ক্ষেত্রে এমন ঝুঁকি তৈরি হয়ে যায়। এই দুষ্টচক্র ভেঙে এইউডব্লিউ সব শ্রেণীর শিক্ষার্থীর জন্য একটি পথ তৈরি করতে পারে। এর মধ্য দিয়ে যে কেবল সবার জন্য সমান সুযোগ তৈরি হবে তাই নয়, আমাদের সামাজিক কর্মকাণ্ডে নতুন নতুন মেধাবী মুখ উঠে আসার সুযোগও বাড়বে।"
বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার মোট ১৩০ জন ছাত্রী নিয়ে চলতি বছর মার্চে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন শিক্ষা কার্যক্রম শুরু করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, এই এশিয়াতেই অর্থনৈতিকভাবে পৃথিবীর অন্যতম সফল কয়েকটি দেশ রয়েছে, যার পাশাপাশি অবস্থান করছে পৃথিবীর দরিদ্রতম মানুষদের একটি বড় অংশ।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এশীয়দের জন্য একটি নতুন পরিচয় গড়ে দেওয়ার মাধ্যমে এই বৈষম্য ঘুচিয়ে 'উন্নতিকে' এশিয়ার সাধারণ ঘটনায় পরিণত করার পথ তৈরি করে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "অবশেষে আমরা এই সহজ সত্যটি বুঝতে পেরেছি যে দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেককে কাজের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়।"
নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে আশা প্রকাশ করেন, 'নতুন পৃথিবীর নাগরিক তৈরিতে' এই বিশ্ববিদ্যালয় এশিয়া ও বাকি বিশ্বের মধ্যে একটি সেতুবন্ধ হিসেবে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত বিভিন্ন দেশের ছাত্রীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এইউডব্লিউ সাপোর্ট ফাউন্ডেশন বোর্ডের চেয়ারম্যান জ্যাক মেইয়ার, এইউডব্লিউ ইন্টারন্যাশনাল সাপোর্ট কমিটির সহ-প্রধান লোন দিবজায়ের, এইউডব্লিউ সাপোর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আহমেদ এবং গোল্ডম্যান শ্যাক্স ফাউন্ডেশন ও এইউডব্লিউ সাপোর্ট ফাউন্ডেশনের বোর্ড সদস্য ক্যাথি মাতসুই বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এসকে/২১৪৭ঘ.
bdnews24