ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুলিয়া থাকার পরও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের সঙ্গে সরকারের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন একে খন্দকার।
যুদ্ধারপরাধীদের বিচার দাবিতে গড়ে ওঠা সংগঠন সেক্টর কমান্ডারস ফোরামের এই নেতা বলেছেন, আগামী নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের রুখতে হবে।
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় গুণীজন সংবর্ধনা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একে খন্দকার বলেন, "স্বাধীন দেশে স্বাধীনতাবিরোধীরা মন্ত্রী হয়ে গাড়িতে জাতীয় পতাকা নিয়ে ঘুরে বেড়িয়েছে। এটা গোটা জাতির জন্য লজ্জার।"
আগামী নির্বাচনে যুদ্ধাপরাধীদের প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "একাত্তরের যুদ্ধাপরাধীদের রুখতে হবে। নির্বাচনে দাঁড়ালেও তাদের ভোট দেওয়া যাবে না। এ ধরনের দলগুলোর সঙ্গে কেউ জোট বাঁধলে তাদেরও বয়কট করতে হবে।"
গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও সরকারের সংলাপে মুজাহিদের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে একে খন্দকার বলেন, "গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির সঙ্গে উপদেষ্টারা বৈঠক করেন কিভাবে?"
তিনি অবিলম্বে মুজাহিদকে গ্রেপ্তারের দাবি জানান।
বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মুজাহিদ গত মঙ্গলবার সরকারের সঙ্গে জামায়াতে ইসলামীর সংলাপে অংশ নেন।
গুণীজন সংবর্ধনা পরিষদের ৭ বছর পূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুরকার শেখ সাদি খান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হাফিজুর রহমান মোল্লা, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আরজু, পরিষদের সভাপতি আব্দুল বাসেদ প্রমুখ।
সভা শেষে গান গেয়ে শোনান সুবীর নন্দী ও কনকচাঁপা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০০ ঘ.
bdnews24