ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালীগঞ্জ এলাকায় শুক্রবার সন্ধ্যায় মো. সোহেল (২৯) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। সকালে রাজধানীর মহাখালী থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মধূসূদন বাবু জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী কালীগঞ্জ চরকুতুবপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে জেনারেটর ব্যবসায়ী সোহেলকে গুলি করে হত্যা করেছে।
সোহেলের ভাই রানা সাংবাদিকদের জানান, ঘটনার পরপর সোহেলকে ওয়াইজঘাটের সুমনা ক্লিনিকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।
কালীগঞ্জ কৈবর্তপাড়ার মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেনের ছেলে সোহেল পাঁচ ভাই ও তিনবোনের মধ্যে তৃতীয়।
এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি তার পরিবার।
গুলশান থানার উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, শুক্রবার সকালে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের পাশে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে বস্তাবন্দি এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মেয়েটি সন্তান সম্ভবা ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আতাউর রহমান আরও জানান, অজ্ঞাত পরিচায় মেয়েটির আনুমানিক বয়স ২০। তার পরনে হলুদ কামিজ এবং কমলা রঙের সালোয়ার ছিল। হাত-পা পাটের সুতলী দিয়ে বাঁধা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/এমএইচবি/০০৫৯ ঘ.
bdnews24