২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধি থেকে 'ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন' এর যাত্রা শুরু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত ও শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রশিকার কাজী ফারুকের নেতৃত্বে যাত্রা শুরু করেছে নব গঠিত রাজনৈতিক দল 'ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2008, 03:16 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

গোপালগঞ্জ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত ও শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রশিকার কাজী ফারুকের নেতৃত্বে যাত্রা শুরু করেছে নব গঠিত রাজনৈতিক দল 'ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন'। শুক্রবার বিকেলে দলীয় সভাপতি কাজী ফারুক আহম্মদ ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ পিন্টুর নেতৃত্বে দলের ১২১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে আসেন এবং কবর জিয়ারত করে ফুল দেন। এর পর এক মিনিট নিরবতা পালন এবং বিশেষ মোনাজাত শেষে সমাধি বেদির সামনে দাঁড়িয়ে কাজী ফারুক আহম্মদ নেতা-কর্মীদের শপথ বাক্য পাঠ করান। এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান কবির, বীর প্রতীক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নূরন্নবী, সিরাজুল ইসলাম ও মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক, মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, খান ফিরোজ, মশিউর রহমান, খুলনা মহানগর নেতৃবৃন্দ ও প্রশিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কাজী ফারুক সাংবাদিকদের বলেন, "আমরা মহাজোটে যোগ দেব এবং আগামী সংসদ নির্বাচনে জোটের হয়েই নির্বাচনে অংশ নেব। জরুরি অবস্থার মধ্যে নির্বাচন সম্ভব নয়। আগামীতে এ ব্যাপারে 'ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন' সুস্পষ্ট অবস্থান ঘোষণা করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জিএনএ/২১০৯ ঘ.