চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মেয়ে ফওজিয়া মোসলেম টুম্পা মারা গেছেন।
তাকে দেখতেই শুক্রবার ব্যাংককে যান মেয়র। রওনা হওয়ার আগে বিমানবন্দরেই মেয়রের কাছে খবর আসে, টুম্পা ক্লিনিক্যালি ডেড।
চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী টুম্পা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মেয়রের ভাস্তে মেসবাহউদ্দিন চৌধুরী নোবেল শুক্রবার বিকালে সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টার দিকে টুম্পার লাইফসাপোর্ট খুলে নেওয়া হয়। চাচাও (মহিউদ্দিন) ব্যাংকক পৌঁছেছেন।"
আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী এক বছর ৭ মাস আটক থাকার পর গত ৮ অক্টোবর জামিনে মুক্তি পান। বুধবার বিদেশ যাওয়ার অনুমতি পান তিনি।
শুক্রবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানে চড়ে স্ত্রী হাসিনা মহিউদ্দিন ও ছেলে নৌফেলকে নিয়ে ব্যাংকক রওনা হন মহিউদ্দিন চৌধুরী।
তিনি রওনা হওয়ার পরপরই নোবেল সাংবাদিকদের বলেন, "বিমান ছাড়ার কয়েক মিনিট আগে ব্যাংকক থেকে খবর আসে, টুম্পা ক্লিনিক্যালি ডেড। এতে চাচা (মহিউদ্দিন) খুব ভেঙে পড়েন। তবে এরপরও তিনি রওনা হয়েছেন।"
বিমানবন্দরে রওনা হওয়ার আগেও মেয়ের অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মহিউদ্দিন চৌধুরী।
নগরীর চশমা হিলের বাসায় তিনি সাংবাদিকদের বলেন, "ব্যাংকক যাচ্ছি। জানি না, মেয়েকে শেষ দেখা দেখতে পাব কি না।"
আটক সব রাজনৈতিক নেতাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে মহিউদ্দিন বলেন, "রাজনীতিবিদদের নির্যাতন-নিষ্পেষণ করে কোনও লাভ হবে না।"
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিষয়ে মেয়র বলেন, "আমার অবর্তমানে সিটি কর্পোরেশনে অনেক অনিয়ম হয়েছে বলে শুনেছি। তবে কাউন্সিলরদের সঠিকভাবে দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়ে যাচ্ছি।"
জামিনে মুক্তি পাওয়ার পরও সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝে পাননি মহিউদ্দিন চৌধুরী। এর কারণ জানতে চেয়ে সরকারকে চিঠিও দিয়েছেন তিনি।
এ বিষয়ে সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বুধবার সাংবাদিকদের বলেন, "চিঠিটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত পেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
বর্তমানে কাউন্সিলর মনজুর আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে মোট ২২টি মামলা হলেও তিনটি মামলা আদালত খারিজ করে দেয়। চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয় চারটিতে। বাকি ১৫টির সবকটিতে জামিন পেয়ে ৮ অক্টোবর তিনি ছাড়া পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/জিএনএ/১৮২৩ ঘ.
bdnews24