২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৩১ অক্টোবরের পর গলার কাঁটা হবে অপ্রদর্শিত আয়'

৩১ অক্টোবরের মধ্যে যারা অপ্রদর্শিত আয় বৈধ করবে না তাদের জন্য ওই আয় 'গলার কাঁটা' হবে। এ হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, ১৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩১ অক্টোবরের মধ্যে যারা অপ্রদর্শিত আয় বৈধ করবে না তাদের জন্য ওই আয় 'গলার কাঁটা' হবে। এ হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের আয়কর প্রদানে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, "সরকার অপ্রদর্শিত আয় বৈধ করার জন্য চারমাস সুযোগ দিয়েছে। আগামী ৩১ অক্টোবর এ সুযোগ শেষ হবে। কোনো অবস্থাতেই এ সময়সীমা বাড়ানো হবে না। যারা এ সুবিধা গ্রহণ না করে কর ফাঁকি দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ১ নভেম্বর থেকেই অভিযানে নামবে এনবিআর কর্মকর্তারা।" "যারা নির্ধারিত সময়ের মধ্যে অপ্রদর্শিত আয় বৈধ করবে না তাদের 'সাত ঘাটে' নানা ধরনের প্রশ্ন করা হবে। শুধু এনবিআর কর্মকর্তারা নয়, সরকারের অন্যান্য সংস্থার লোকজনও প্রশ্ন করবে।" "প্রশ্নবাণে জর্জরিত হয়ে পড়বেন অপ্রদর্শিত আয়ের মালিকরা। এই অবৈধ আয় তাদের জন্য 'গলার কাঁটা' হয়ে দেখা দেবে।" তিনি জানান, গত দুই বছরে এনবিআর যে সব মামলা করেছ তার একটা বড় অংশ ছিল অপ্রদর্শিত আয়। এছাড়া আয়কর বিবরণীতে (রিটার্ন) ভুয়া সম্পদ বিবরণী এবং কর ফাঁকির মামলাও ছিল। চিকিৎসকদের কর দেওয়ার আহ্বান জানিয়ে আবদুল মজিদ বলেন, "ডাক্তারদের রোগী দেখারভিত্তিতে নির্ধারিত হারে ভ্যাট (মূল্য সংযোজন কর) নির্ধারণের চিন্তাভাবনা করছে এনবিআর। অর্থাৎ একজন ডাক্তার কতজন রোগী দেখলেন তার হিসাবে ভ্যাট নির্ধারিত হবে।" চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। এনবিআর চেয়ারম্যান জানান, রোগী দেখা বাবদ একজন চিকিৎসক যে ফি পান তার ৪ দশমিক ৫ শতাংশ হারে ভ্যাট আদায় করার নিয়ম চালু করা হয় ২০০৭-০৮ অর্থ বছরের বাজেট থেকে। চলতি অর্থ বছরের বাজেটেও একই নিয়ম বহাল রাখা হয়েছে। চলতি ২০০৮-০৯ অর্থবছরের বাজেট ঘোষণার সময় ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার কথা ঘোষণা করেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। কিন্তু এ আহ্বানে এবার আশাব্যাঞ্জক সাড়া পায়নি এনবিআর। এনবিআরের তথ্য অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ১২৫০ জন মোট ১৩০ কোটি টাকা বৈধ করেছেন। তাদের কাছ থেকে জরিমানাসহ কর হিসেবে এনবিআর পেয়েছে ২৭ কোটি টাকার মতো। অথচ গতবছর জুন থেকে সেপ্টেম্বর- এই চার মাসে একই ধরনের সুযোগ কাজে লাগিয়ে ৪২ হাজার ৪৪৯ জন মোট পাঁচ হাজার ২১৩ কোটি টাকা বৈধ করেছিলেন। কর বাবদ সরকার পেয়েছিল ৮০২ কোটি টাকা। ঢাকা মেডিকেল কলেজের লেকচার গ্যালারি-১ এ মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা কর অঞ্চল-৮। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুস শহীদ খান, কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী দীন মোহাম্মদ, এনবিআরের আয়কর নীতি বিভাগের সদস্য পারসা বেগম, কর অঞ্চল-৮ এর কর কমিশনার রাহেলা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচবি/২০৩২ ঘ.