ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় স্বাক্ষ্য দিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পথে রওনা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানিয়েছেন, পুরনো ঢাকার আদালত চত্বরের আশেপাশে এ উপলক্ষে বিপুল জনসমাগম হয়েছে। ভিড়ের কারণে ওই এলাকায় সব রকমের যানচলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ আইনজীবী ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছে না।
এই মামলায় সাক্ষ্য দিতে খালেদা জিয়ার এক সময়ের রাজনৈতিক সহযোগী ও বিএনপি থেকে বহিস্কৃত সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ারও আজ আদালতে হাজির হওয়ার কথা। মামলার আসামী সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, এম শামসুল ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন বিচারক মো. আজিজুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/জিএনএ/১১০০ ঘ.
bdnews24