২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনারেল মঞ্জুর হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ

মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ধার্য হয়েছে ৫ নভেম্বর। বুধবার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে সাক্ষীরা না আসায় ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আলতাফ হোসাইন নতুন তারিখ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ধার্য হয়েছে ৫ নভেম্বর। বুধবার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে সাক্ষীরা না আসায় ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আলতাফ হোসাইন নতুন তারিখ দেন। মামলা দায়েরের প্রায় ১৪ বছর পার হলেও মঞ্জুর হত্যা মামলার বিচার কাজ শেষ করা যায়নি। স্পর্শকাতর এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাগফুর রহমান শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ১২ বছরের মধ্যে রাষ্ট্রপক্ষে ৪৯ জন সাক্ষীর মধ্যে মাত্র ১৮ জনের সাক্ষ্য নেওয়া সম্ভব হয়েছে।" তিনি বলেন, "বাকি সাক্ষীদের সমন, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেও আদালতে তাদের হাজির করা যাচ্ছে না। ফলে চাঞ্চল্যকর এ মামলাটির বিচার কাজ ঝুলে আছে।" মামলার নথিপত্রে দেখা গেছে, এই সময়ের মধ্যে মামলার বিচারকালে বেশ কয়েকজন বিচারক, এবং সরকারি আইনজীবী পরিবর্তন হয়েছে। ১৯৮১ সালের ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের দুদিন পর, ১ জুন আবুল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গুলি করে হত্যা করা হয়। ১৯৯৫ সালের ২৮ ফেব্র"য়ারি চট্টগ্রামের পাঁচ লাইশ থানায় মঞ্জুরের ভাই আবুল মনসুর হত্যা মামলাটি দায়ের করেন। ওই বছর ১৫ জুলাই সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদসহ মেজর জেনারেল (অবঃ) আবদুল লতিফ, লে. কর্নেল (অবঃ) মোস্তাফা কামাল উদ্দিন ভুইয়া, লে. কর্নেল (অবঃ) সামস, মেজর (অবঃ) কাজী এমদাদুলকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন সিআইডির তৎকালীন সহকারী সুপার আবদুল কাহার আকন্দ। বুধবার এ আদালতে ঢাকার তৎকালীন তিনজন মহানগর হাকিম মো. শরফুদ্দিন, আ. হান্নান এবং আবুল হাশেমের সাক্ষ্যগ্রহণের দিন থাকলেও তারা আদালতে আসেননি। মাগফুর রহমান শেখ জানান, তাদের সমন পাঠানো হয়েছিল কিন্তু তারা আসেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএইচবি/২১৫৭ ঘ.