২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জাহাজটি আপাতত রক্ষা পেল

নষ্ট হওয়ার হাত থেকে আপাতত রক্ষা পেয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জাহাজ এমভি আকরাম। চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে তুলে আনা জাহাজটি অবশেষে বুধবার জব্দের নির্দেশ দিয়েছে নারায়নগঞ্জ জেলা প্রশাসন। এটি নষ্ট করা ঠেকাতে জেলা প্রশাসনকে আনুষ্ঠানিক অনুরোধ জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডাব্লিওটিএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নষ্ট হওয়ার হাত থেকে আপাতত রক্ষা পেয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জাহাজ এমভি আকরাম। চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে তুলে আনা জাহাজটি অবশেষে বুধবার জব্দের নির্দেশ দিয়েছে নারায়নগঞ্জ জেলা প্রশাসন। এটি নষ্ট করা ঠেকাতে জেলা প্রশাসনকে আনুষ্ঠানিক অনুরোধ জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডাব্লিওটিএ)। জাহাজটি এখন পুলিশ প্রহরায় নারায়ণগঞ্জের বন্দর সংলগ্ন সোনাকান্দায় শীতলক্ষ্যার তীরে রাখা আছে। নদীর নিচ থেকে তোলার পর এমভি আকরামকে মঙ্গলবার চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ নিয়ে আসা হয়। ১৯৭১ সালের ৩০ অক্টোবর পাকিস্তানি বাহিনীর রসদবাহী এ জাহাজটি মুক্তিযোদ্ধারা মাইন বিস্ফোরণে ডুবিয়ে দেয়। জাহাজটি তোলার পর থেকেই মুক্তিযোদ্ধারা এটি সংরক্ষণের দাবি জানিয়ে আসছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমেও এ খবর প্রকাশ হয়। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এএমএ রহমান বুধবার সাংবাদিকদের জানান, সংবাদ মাধ্যমে বিষয়টি জানার পরপরই জাহাজটি জব্দের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, "মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জাহাজটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জাহাজটিতে সার্বক্ষণিক পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।" দুপুরে শীতলক্ষ্যার তীরে গিয়ে দেখা যায়, জাহাজটির প্রহরায় চারজন পুলিশ সদস্য নিয়োজিত আছেন। উৎসুক মানুষ সেখানে ভিড় জমিয়েছে। বিআইডাব্লিওটিএ-এর পক্ষ থেকেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজটি কেটে, ডুবিয়ে বা অন্য কোনোভাবে পরিবর্তন না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। এর প্রহরায় সংস্থার পক্ষ থেকেও দুই জন কর্মী নিয়োগ দেওয়া হবে বলে বিআইডাব্লিওটিএ-এর কর্মকর্তারা জানিয়েছেন। সংস্থার ঢাকা কার্যালয়ের বন্দর ও পরিবহন বিভাগের উপ-পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলাম, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের উপপরিচালক (উদ্ধার) মোহাম্মদ হোসেন, সহকারী পরিচালক সাদেকুল ইসলাম বুধবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন। তারা সোনাকান্দায় রাখা জাহাজটি পরিদর্শনও করেন। সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "এমভি আকরাম জাহাজটি মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হওয়ায় এটাকে সংরক্ষণ করা খুবই জরুরি। পত্র-পত্রিকায় খবর দেখে সংস্থার পক্ষ থেকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বন্দর এবং নারায়ণগঞ্জ মডেল থানার ওসিকে লিখিতভাবে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এটি ভাঙা, ডুবানো কিংবা এর কোনও পরিবর্তন করা যাবে না।" এর আগে সকালেই বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বাদি হয়ে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওসি বলেন, "মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জাহাজটি আমার থানা এলাকায় আনার খবর দেখেই আমরা তৎপর হই। জাহাজটির যাতে কোনও পরিবর্তন কেউ ঘটাতে না পারে, সে জন্য জাহাজের ক্রেতাদের তাৎক্ষণিকভাবে অনুরোধও জানানো হয়।" এমভি আকরাম জাহাজটি শিল্প ব্যাংক নিলামে তুলে বিক্রি করে। পাঁচ জন ক্রেতা বদল হয়ে জাহাজটি সর্বশেষ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জের মুক্তার হোসেন ও রফিকুল ইসলামের হাতে আসে। ব্যবসায়ী মুক্তার হোসেন সাংবাদিকদের জানান, বন্দর থানা পুলিশ জাহাজটি না কাটার জন্য তাকে নির্দেশ দিয়েছে। বিআইডব্লিটিএ কর্মকর্তারা দাবি করেন, তারা জাহাজটি বিক্রি করেননি। জাহাজের ক্রেতার আবেদনের পরিপ্রেক্ষিতে নদীর তলদেশ থেকে জাহাজটি উদ্ধারের অনুমতি দিয়েছিলেন তারা। জাহাজটি সংরক্ষণের দাবিতে এর আগে চাঁদপুরে মুক্তিযোদ্ধারা বিভিন্ন কর্মসূচি পালন করে। নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধারাও একই দাবি তুলেছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিটের উপ কমান্ডার সামিউল্লাহ মিলন জাহাজটি সংরক্ষণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সাংবাদিকদের বলেন, "মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী জাহাজটি কারা, কিভাবে বিক্রি করলো; রাতের অন্ধকারে কারা চাঁদপুর থেকে নারায়ণগঞ্জে এনে লোহা হিসেবে বিক্রির উদ্যোগ নিল; সরকারের উচিত, তা তদন্ত করে দেখা।" নারায়ণগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ প্রকল্পের অন্যতম সমন্বয়ক শরীফউদ্দিন সবুজ জাহাজটি সংরক্ষণের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরকে দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১১০ ঘ.