খুলনা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় র্যাবের অভিযানে গ্রেপ্তার সন্দেহভাজন চার জঙ্গিকে বুধবার পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
কারাবন্দি হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানের সহযোগী সন্দেহে মঙ্গলবার নগরীতে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মিজানুর রহমান, ওমর ফারুক, মোজাহিদুল ইসলাম ও ইউসুফ আল হেলাল।
জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার ওই চার জনকে খুলনা মহানগর হাকিমের আদালতে পাঠায় পুলিশ।
খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ আদালতে রিমান্ডের আবেদন জানান।
এর পরিপ্রেক্ষিতে হাকিম মো. মাহবুবুর রহমান পাঁচ দিন রিমান্ডের নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২৯ ঘ.
bdnews24