২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদের বৈঠকে যোগদানের ব্যাখ্যা দিলেন যোগাযোগ উপদেষ্টা

প্রচারমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশ্নের ঝড় ওঠার পর সরকারের একজন উপদেষ্টা অবশেষে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর 'ফেরারি নেতা' আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বৈঠকের ব্যাপারে একটি ব্যাখ্যা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 02:32 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রচারমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশ্নের ঝড় ওঠার পর সরকারের একজন উপদেষ্টা অবশেষে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর 'ফেরারি নেতা' আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বৈঠকের ব্যাপারে একটি ব্যাখ্যা দিয়েছেন। বেসরকারি টিভি চ্যানেল আর টিভিকে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের বলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিতে আইনগত বাধা ছিল না। উপদেষ্টাদের পক্ষ থেকেও কোনো বাধা দেওয়া হয়নি। আইনী দিক তুলে ধরে উপদেষ্টার এ বক্তব্য সংলাপ শেষে তাৎক্ষণিকভাবে দেওয়া মুজাহিদের আইনজীবীর বক্তব্যের প্রায় অনুরূপ। গোলাম কাদের বলেন, "টেকনিক্যালি স্পিকিং, ১৬ তারিখ পর্যন্ত আইনগতভাবে তিনি (আলী আহসান মুহাম্মদ মুজাহিদ) ফ্রি। ১৬ তারিখে তিনি কোর্টে হাজিরা দেবেন। তার আগ পর্যন্ত তাকে হয়রানি বা গ্রেপ্তার না করার ব্যাপারে আদালত আদেশ দিয়েছেন। আমাদের (উপদেষ্টা) পক্ষ থেকেও কোনো বাধা ছিল না।" বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে এ কথা বলেন উপদেষ্টা। মঙ্গলবার জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের সংলাপে দলের অন্যতম নেতা হিসেবে হুলিয়া মাথায় নিয়েই বড় পুকুরিয়া মামলার আসামী মুজাহিদ ফখরুদ্দীন আহমদসহ অন্যান্য কয়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। সংলাপ শেষে সাংবাদিকরা একই প্রশ্ন করেছিলেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের কাছে। জবাব এড়িয়ে উপদেষ্টা বলেন, "তার আইনজীবী এখানে উপস্থিত আছেন, এ বিষয়ে তিনি কথা বলবেন।" মুজাহিদের আইনজীবী ও সংলাপে অংশ নেওয়া জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "উচ্চ আদালতে তার জামিনের আবেদন করা হয়েছে। এ মাসের ১৬ তারিখে শুনানি হওয়ার কথা রয়েছে। আমি মনে করি, বৈঠকে তার উপস্থিত হতে আইনগত বাধা নেই।" ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক ৬ অক্টোবর মুজাহিদসহ এ মামলার ৯ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। সংশ্লিষ্ট থানা পুলিশ আদালতে জমা দেওয়া প্রতিবেদনে বলেছে তাকে অভিযান চালিয়ে বাড়িতে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/২০২৩ঘ.