২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেয়ার্নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে মন্ত্রণালয়

মগনামা ও হাতিয়ার ত্রি-মাত্রিক জরিপের মাধ্যমে ভবিষ্যতে গ্যাস পাওয়া গেলে তা বেশি দামে পেট্রোবাংলা বা তৃতীয় কোনও পক্ষের কাছে বিক্রির ব্যাপারে কেয়ার্ন এনার্জির দেওয়া প্রস্তাব 'অপরিপক্ক' আখ্যা দিয়ে নাকচ করে দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 01:31 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মগনামা ও হাতিয়ার ত্রি-মাত্রিক জরিপের মাধ্যমে ভবিষ্যতে গ্যাস পাওয়া গেলে তা বেশি দামে পেট্রোবাংলা বা তৃতীয় কোনও পক্ষের কাছে বিক্রির ব্যাপারে কেয়ার্ন এনার্জির দেওয়া প্রস্তাব 'অপরিপক্ক' আখ্যা দিয়ে নাকচ করে দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বুধবার কেয়ার্নের প্রস্তাবটি নিয়ে বৈঠক করে মন্ত্রণালয়। বৈঠক শেষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেয়ার্ন বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের উপস্থিতি নিশ্চিত করতে পারলেই তাদের প্রস্তাব নিয়ে আলোচনা করা যেতে পরে বলে বৈঠকে মত প্রকাশ করা হয়েছে।" কেয়ার্ন এনার্জি বঙ্গোপসাগরের মগনামা ও হাতিয়ায় ত্রিমাত্রিক জরিপের মাধ্যমে ভবিষ্যতে যদি উত্তোলনযোগ্য গ্যাস পায় সেটা উৎপাদন ও বন্টন চুক্তিতে (পিএসসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোবাংলা বা তৃতীয় পক্ষের কাছে বিক্রির প্রস্তাব করেছিল। বৈঠকে উপস্থিত থাকা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠকে মত প্রকাশ করা হয় কেয়ার্ন এখনও ওই দু'টি স্থানে বানিজ্যিকভাবে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করতে পারেনি। এ অবস্থায় তাদের প্রস্তাবটি নিয়ে আলোচনার সময় এখনো আসেনি। ভবিষ্যতে তাদের প্রস্তাব নিয়ে আলোচনা করা যেতে পারে। তাই কেয়ার্নকে ভবিষ্যতে ওই দু'টি স্থানে প্রাপ্ত গ্যাস বেশি দামে বিক্রির নিশ্চয়তা ছাড়াই ত্রিমাত্রিক জরিপ চালাতে হবে। পেট্রোবাংলা জানিয়েছে, গত শীত মওসুমে মগনামা ও হাতিয়ায় অনুসন্ধান কূপ খনন করে কেয়ার্ন। কিন্তু বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের উপস্থিতি না পেয়ে কেয়ার্ন এ দুটি স্থানে অধিকতর অনুসন্ধান কাজের জন্য ত্রিমাত্রিক জরিপের প্রস্তাব দেয়। কেয়ার্নের পক্ষ থেকে পেট্রোবাংলাকে জানানো হয়, অনুসন্ধান কাজের জন্য কেয়ার্ন ইতিমধ্যেই ১১৭ মিলিয়ন ডলার ব্যায় করেছে। ত্রিমাত্রিক অনুসন্ধানের জন্য কেয়ার্নকে আরও কমপক্ষে ৩০ মিলিয়ন ডলার ব্যয় করতে হবে। এছাড়াও গ্যাস পাওয়া গেলে কূপ খনন এবং অফশোর প্লাটফরম স্থাপন, সব মিলিয়ে ১০০ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করতে হবে। কেয়ার্ন বলেছে, বর্তমানে তারা সাঙ্গু গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস যে দামে বিক্রি করছে সে দামে মগনামা ও হাতিয়ার গ্যাস বিক্রি করলে তাদের জন্য লাভজনক হবে না। সে কারণে এখানে গ্যাস পাওয়া গেলে বাড়তি দাম দিতে হবে। তা না হলে কেয়ার্নের অংশ তৃতীয়পক্ষের কাছে বিক্রির অনুৃমতি দাবি করা হয়। পেট্রোবাংলা জানিয়েছে, কেয়ার্নের সঙ্গে সম্পাদিত পিএসসি অনুসারে প্রতি হাজার ঘনফুট গ্যাসের সর্বোচ্চ দাম ১২০ ডলার নির্ধারিত রয়েছে। স্কটল্যান্ডের কোম্পানি কেয়ার্ন বর্তমানে দেশের একমাত্র সামুদ্রিক গ্যাসক্ষেত্র সাঙ্গু থেকে ৩৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করছে। জানুয়ারি মাসে কেয়ার্ন সাঙ্গুর একটি কূপে ওয়ার্কওভার করার জন্য প্রস্তাব করে। এজন্য আরও তথ্য চেয়েছে পেট্রোবাংলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/১৯২২ ঘ.