২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"জরুরি অবস্থা শিথিল না করলে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ"

ইউরোপীয় কমিশনের ঢাকা মিশন প্রধান স্টিফেন ফ্রাওয়েন বুধবার বলেছেন, জরুরি অবস্থা শিথিল করে কিছু নাগরিক ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা না করা হলে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 10:07 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় কমিশনের ঢাকা মিশন প্রধান স্টিফেন ফ্রাওয়েন বুধবার বলেছেন, জরুরি অবস্থা শিথিল করে কিছু নাগরিক ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা না করা হলে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। গুলশানের হোটেল 'লেক শোর' এ স্থানীয় কূটনৈতিক সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। (আরও তথ্যসহ) স্টিফেন ফ্রাওয়েন এসময় আরও বলেন, ইইউ কোনও সামরিক বাহিনী সমর্থিত সরকারও সমর্থন করে না। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বুধবার জানান, বাংলাদেশের আসন্ন নির্বাচনে একটি ইউরোপীয় পর্যবেক্ষক দল পাঠানোর ব্যাপারে ইউরোপীয় কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা চলছে। ফ্রাওয়েন বলেন, "জরুরি অবস্থা নিয়ে আমাদের আপত্তি রয়েছে। কারণ এর আগে আমরা কখনোই কোনো দেশে জরুরি অবস্থার মধ্যে নির্বাচন পর্যবেক্ষক পাঠাইনি। নীতিগতভাবে জরুরি অবস্থার মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়; কারণ জরুরি অবস্থা নাগরিকদের কিছু নির্দিষ্ট অধিকার খর্ব করে।" তিনি বলেন, "নীতিগতভাবে জরুরি অবস্থায় নির্বাচন পর্যবেক্ষণ করতে পারে না ইইউ, তবে বাংলাদেশের জরুরি অবস্থা পাকিস্তানের জরুরি অবস্থার মতো নয়।" ইসি মিশন প্রধান বলেন, "(বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে) যথেষ্ট পরিমাণ নাগরিক এবং রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে তা দেখতে চাই আমরা। এর মানে এই নয় যে, জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে।" তিনি বলেন, এটা ততখানি শিথিল হতে হবে যা প্রার্থীদের নির্বাচনী প্রচার কাজ চালানোর স্বাধীনতা ও সংবাদ মাধ্যমে প্রবেশাধিকারসহ রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা ও নাগরিকদের অধিকার সুসংহত করার উপযোগী পরিবেশ নিশ্চিত করবে। যে কোনো পরিবেশে যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর কথা প্রসঙ্গে স্টিফেন ফ্রাওয়েন বলেন, "যদি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলে থাকেন তারা যে কোনো পরিস্থিতিতে পর্যবেক্ষক পাঠান, আমি বলবো আমরা যে কোনো পরিস্থিতিতে পর্যবেক্ষক পাঠাই না। পরিস্থিতি বুঝে আমরা পর্যবেক্ষণে আসি।" বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা গত ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র বিষয়ক কমিশনার বেনিটো ফেরেরা ওয়াল্ডনারের সঙ্গে বৈঠকে সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি অবস্থা শিথিলের ব্যাপারে তাকে আশ্বস্ত করেন বলে উল্লেখ করেন ফ্রাওয়েন । তিনি বলেন, ইইউ পর্যবেক্ষক পাঠানোর প্রস্তুতি নিচ্ছে , তবে এ জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। "বেশি দেরি হলে আমরা আসতে পারবো না।" জরুরি অবস্থা শিথিলের ব্যাপারে তাদের অবস্থান পরিস্কারের জন্য সরকারকে অনুরোধ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, নির্বাচনে ইউরোপীয় পর্যবেক্ষকদের দেখতে চাইলে অক্টোবরের শেষ নাগাদ বা নভেম্বরের শুরুতেই ইউরোপীয় কমিশনের কাঙ্খিত পরিবেশ নিশ্চিত করতে হবে সরকারকে। এলক্ষ্যে রাজনৈতিক দল, সরকার ও নির্বাচন কমিশনের বর্তমান সংলাপ প্রক্রিয়াকে স্বাগত জানায় তারা। সামরিক হস্তক্ষেপ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইসি রাষ্ট্রদূত বলেন, "এটা কাল্পনিক! আমি আশা করি কোনো ধরনের সামরিক সরকার ক্ষমতা নেবে না। আমরা এ ধরনের সরকার পছন্দ করি না এবং এ ধরনের সরকারের সঙ্গে কাজ করি না।" কোনো দেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য শুরুতে ওই দেশে নির্বাচনী পরিবেশ রয়েছে কিনা তা নির্ণয়ের জন্য একটি প্রাক-পর্যবেক্ষক মিশন পাঠায় ইউরোপীয় কমিশন। সেই মিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র বিষয়ক কমিশনার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। চলতি বছরের ১৫ জুন সাত দিনের সফরে ইইউ প্রাক- পর্যবেক্ষক মিশন বাংলাদেশে আসে। ওই সময় তারা সরকারের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, নির্বাচন কমিশন কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। মিশন আগস্ট মাসে তাদের প্রতিবেদন জমা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসকে/১৯৪২ঘ.