ঢাকা, ১৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার নিউক্যাস্ল বিশ্ববিদ্যালয়ের 'স্কুল অব ল' এর উদ্যোগে 'বাংলাদেশ গণহত্যা -৭১' এর ওপর এক সেমিনার অনুষ্ঠিত হবে।
এই প্রথম অস্ট্রেলিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের গণহত্যার ওপরে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে বলে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্থানীয় সময় বিকেল তিনটায় 'ইউনিভার্সিটি হাউজ লেকচার থিয়েটারে' অনুষ্ঠেয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নিউক্যাস্ল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ও সিডনিভিত্তিক সংগঠন 'জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১' সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক ডঃ আবুল হাসনাৎ মিল্টন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এবছর থেকে নিউক্যাস্ল বিশ্ববিদ্যালয়ের 'স্কুল অব ল' এর 'পাবলিক ইন্টারন্যাশনাল ল' কোর্সের পাঠ্যসূচীতে বাংলাদেশের গণহত্যা অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিউক্যাস্ল বিশ্ববিদ্যালয়ের 'স্কুল অব ল' বিশ্বের বিভিন্ন দেশের গণহত্যা নিয়ে গবেষণা করছে।
সেমিনার অন্যতম আয়োজক ও 'পাবলিক ইন্টারন্যাশনাল ল' কোর্সের সমন্বয়কারী এমি ম্যাগিউর এ প্রসঙ্গে বলেন, 'এবছর থেকে বাংলাদেশের গণহত্যা পাবলিক ইন্টারন্যাশনাল ল' কোর্র্সের পাঠ্যসূচীতে অন্তর্ভূক্ত করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের গণহত্যা নিয়ে তাদের বিস্তারিত গবেষণা করার ইচ্ছে আছে।'
বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের পাঠ্যসূচীতেও বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তানী দখলদার বাহিনীর গণহত্যাকে অর্ন্তভুক্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২৩০৮ঘ.
bdnews24