২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু অধিকার রক্ষায় সচেতনতা বাড়াতে হবে: প্রধান উপদেষ্টা

শিশুদের উন্নয়ন ও তাদের অধিকার রক্ষায় সচেতনতা বাড়ানো ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 12:14 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুদের উন্নয়ন ও তাদের অধিকার রক্ষায় সচেতনতা বাড়ানো ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০০৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, "শিশুদের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে আইন ও সনদ কোনও কাজেই আসবে না যদি না আমরা আমাদের মানসিকতার পরিবর্তন করি। শিশুদের উদ্দেশে বলার এটুকুই, আমরা যার যার অবস্থান থেকে শিশুদের জন্য কাজ করে যাবো।" তিনি বলেন, "একজন শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তার যথাযথ শিক্ষার পাশাপাশি সুস্বাস্থ্য ও সঠিক মানসিক গঠনের ওপর গুরুত্ব দিতে হবে।" শিশুদের অধিকারে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে ফখরুদ্দীন আহমদ বলেন, "সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে শিশুদের উন্নয়নে আরো মনোযোগী হয়ে কাজ করতে হবে।" তিনি বলেন, "শিশু অধিকার নিশ্চিত করতে সার্কভুক্ত দেশগুলো একযোগে কাজ করছে। শিশুদের স্বার্থ রক্ষায় বিভিন্ন কর্মসূচি গ্রহণের কারণে বর্তমানে এ অঞ্চলে শিশু পাচার ও শিশু অধিকার লঙ্ঘনের হার নিম্নমুখী।" সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে অভিভাবকমহল, সুশীল সমাজ, সমাজের বিত্তশালী ব্যক্তি, শিশুদের উন্নয়নে কাজ করছে এমন সরকারি ও বেসরকারি সংস্থাদের আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "পরবর্তী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধশালী ভবিষ্যত নির্মাণে আসুন সম্মিলিতভাবে কাজ করি।" এর পর প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন। ২৯ সেপ্টেম্বরের থেকে ৫ অক্টোবর পর্যন্ত শিশু অধিকার সপ্তাহ উদযাপনের কথা থাকলেও রোজা ও পূজার কারণে ১৪ থেকে ২০ সেপ্টেম্বর তা পালন করা হবে। এবারের শিশু অধিকার সপ্তাহের প্রতিপাদ্য হলো 'শিশুদের উন্নয়নের জন্য একটি সুরক্ষিত পরিবেশ সৃষ্টি করতে হবে'। নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব রোকেয়া সুলতানা এবং শিশুদের পক্ষে ফারহান তানভীর। বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, শিশু বিষয়ক বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/১৮০৬ ঘ.