সাতক্ষীরা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ রাইফেলস-বিডিআর এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ'র সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক চলছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় সাতক্ষীরা সার্কিট হাউসে এ বৈঠক শুরু হয়।
সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যা ও নির্যাতন, বেআইনি অনুপ্রবেশ, মাদক পাচার, চোরাচালান, মানব পাচারসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা চলছে বলে বৈঠক থেকে বেরিয়ে জানিয়েছেন ৪১ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল সামস।
একদিনের এ বৈঠকে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা চলছে বলেও তিনি জানান।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বিডিআর'র খুলনা অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল ওয়াহিদুজ্জামান। আর ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করছেন বিএসএফ'র কলকাতার ডিআইজি এস এস টোমার।
এছাড়াও বৈঠকে বিডিআরের সাতক্ষীরা, নীলডুমুর, খুলনা এবং যশোর ব্যাাটলিয়নের অধিনায়করা এবং বিএসএফ'র ১২৬, ৯৪, ১৮ এবং ৩৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্টরা অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬০০ ঘ.
bdnews24