ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্টের ঘটনার দুই মামলার বিচার কাজ এক সঙ্গে চলা নিয়ে মঙ্গলবার সকালে আদালতে আইনজীবীদের তুমুল বিতর্ক হয়েছে। দুই মামলার বিচার কাজ একসঙ্গে চলবে কিনা- তা বিকালে জানাবে আদালত।
ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. মাসদার হোসেন এ বিষয়ে আদেশ দেবেন।
মঙ্গলবার সকালে মামলা দুটির অভিযোগ গঠনের শুনানিতে দুই পক্ষের আইনজীবীদের তুমুল বিতর্কের পর মাসদার হোসেন বলেন, মামলা দুটির বিচার কাজ এক সঙ্গে চলবে কিনা- বিকালে সে বিষয়ে আদেশ দেওয়া হবে।
২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হয়। ঘটনার পর দিন পুলিশ বাদি হয়ে একটি মামলা করে।
প্রায় চার বছর পর চলতি বছরের ১১ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই ঘটনায় বিস্ফোরক আইন এবং হত্যার অপরাধে ২২ জনকে আসামি করে আলাদা দুটি অভিযোগপত্র দাখিল করে। পরে মামলা দুটি সরকার দ্রুত বিচার আদালতে পাঠায়।
মঙ্গলবার সকালে মামলা দুটির অভিযোগ গঠনের শুনানিতে দুই মামলার বিচার এক সঙ্গে চলা নিয়ে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা বিতর্কে জড়িয়ে পড়েন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেন, আইন অনুযায়ী দুটি মামলা আলাদাভাবে চলা উচিত। অপরদিকে মামলা দুটি এক সঙ্গে চলার ওপর যুক্তি তুলে ধরেন আসামিপক্ষের আইনজীবীরা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান এবং এম সাজওয়ার হোসেন বলেন, ২১ আগস্ট গ্রেনেড হত্যা মামলায় যে অপরাধের কথা বলা হয়েছে সে অপরাধ একটি নয়, বরং দুটি । কারণ গ্রেনেড সরবরাহ করা ও গ্রেনেড ছোড়া একটি অপরাধ। আর ওই গ্রেনেড ছুড়ে হত্যা করা আর একটি অপরাধ। এখানে মামলার ঘটনা দুটি। তাই দুই মামলার বিচার আলাদাভাবেই চলা উচিত।
সাজওয়ার হোসেন বলেন, "এ দুই মামলার বিচারকাজ আলাদাভাবে হবে। কারণ দুই মামলার অভিযোগপত্র নির্ধারিত পৃথক দুটি আইনে দাখিল করা হয়েছে। এ বিষয়ে আপিল বিভাগ এবং প্রিভিউ কাউন্সিলে নানারকম সিদ্ধান্ত রয়েছে, যা আমরা আদালতে পরবর্তী সময়ে দাখিল করব।"
মামলার আসামি সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুর আইনজীবী এসএম শাহজাহান বলেন, "সংবিধানের ৩৫(২) অনুচ্ছেদ এবং জেনারেল ক্লজেস অ্যাক্টের ২৬ ধারা অনুযায়ী- একই আসামি, একই ঘটনা, একই অভিযোগপত্রের কার্বন কপি এবং একই বাদির দায়ের করা মামলা পৃথক দুই মামলা হিসেবে চলতে পারে না।"
সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত আইনজীবীদের বিতর্কের পর মাসদার হোসেন জানান, বিকালে এ বিষয়ে আদেশ দেওয়া হবে।
তবে আদালত বলে, "বিস্ফোরক দ্রব্য আইনের মামলা তফসিলভুক্ত অভিযোগের মামলা, আর হত্যা মামলা অতফসিলভুক্ত মামলা। সুতরাং দুই মামলার চরিত্র ও আইনি দিক আলাদা।"
আদালত একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৯ অক্টোবর নির্ধারণ করেছে।
মঙ্গলবার পিন্টু, হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানসহ কারাগারে আটক এ মামলার ১৩ আসামিকে আদালতে হাজির করা হয়। জামিনপ্রাপ্ত আসামি শাহাদাৎ উল্লাহ জুয়েলও আদালতে হাজিরা দেন। হুজি নেতা তাজউদ্দীনসহ মামলার বাকি আট আসামি পলাতক।
সাবেক উপমন্ত্রী পিন্টু সাংবাদিকদের বলেন, "মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী আমাকে এ দুই মামলায় আসামি করা হয়েছে। কিন্তু অভিযোগপত্রে এও বলা হয়েছে, হরকাতুল জিহাদের (হুজি) কেন্দ্রীয় কমিটির নির্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়। অথচ হুজির কেন্দ্রীয় কমিটির কোনও নেতাকে তো এ মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি। সুতরাং এ অভিযোগপত্রে ত্র"টি রয়েছে।"
হত্যা ও বিস্ফোরক আইনে সিআইডির দাখিল করা দুই অভিযোগপত্রে আসামিরা একই।
ঘটনার দীর্ঘ দিন পর এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে মামলাটি ভিন্ন খাকে প্রবাহিত করার চেষ্টা চলে বলে অভিযোগ রয়েছে। তদন্ত কর্মকর্তাও বদল হয় কয়েকবার, 'সাজানো' তদন্তের অভিযোগও ওঠে।
এ মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন- সালাম পিন্টু, মুফতি হান্নান, হুজি সদস্য মফিজুর রহমান অভি, শরীফ শাহেদুল আলম বিপুল, আবু সাঈদ ওরফে ডা. জাফর, আবুল কালাম আজাদ বুলবুল, জাহাঙ্গীর আলম, হাফেজ আবু তাহের, শাহাদাৎ উল্লাহ জুয়েল, হুসেইন আহমেদ আমিন, আবু জান্দাল ওরফে মঈনুদ্দীন শেখ, আরিফ হাসান সুমন, রফিকুল ইসলাম সবুজ ও উজ্জ্বল ওরফে রতন।
এরমধ্যে পরে জুয়েল জামিনে ছাড়া পান।
পলাতক আসামিরা হলেন- মাওলানা তাজউদ্দীন (পিন্টুর চাচাতো ভাই), হুজি সদস্য মো. খলিল, জাহাঙ্গীর আলম বদর, মো. ইকবাল, আবু বকর হাফেজ, মাওলানা লিটন, মুত্তাকিন ও মুরসালিন।
এর মধ্যে মুত্তাকিন ও মুরসালিন ভারতের কারাগারে আটক রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১৩১৮ ঘ.
bdnews24