ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতির ঝিল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনে যে কোনো স্থাপনা ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
সোমবার সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান। সভায় বহুল আলোচিত বিজিএমইএ ভবনকে হাতির ঝিল প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হিসেবে উল্লেখ করা হয়।
উপদেষ্টা বলেন, "প্রকল্প এলাকায় যাই থাকুক না কেন, তা ভেঙে ফেলা হবে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রাপ্য ক্ষতিপূরণ দেওয়া হবে।"
স্থানীয় সরকার বিভাগে উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সভাপতিত্বে এ সভায় হাতির ঝিল প্রকল্প ছাড়াও বনানী-গুলশান লিংক রোড নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় বলা হয়, হাতির ঝিল প্রকল্পের দুই দিকে সড়ক নির্মাণ করা হলে বিজিএমইএ ভবনের জন্য সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হবে যা প্রকল্পের উদ্দেশ্যকে ব্যাহত করবে।
এ প্রকল্পের জন্য ৩০০ একর জমি অধিগ্রহণ করতে হবে জানিয়ে সভায় বলা হয়, অধিগ্রহণের আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে অধিগ্রহণের কাজও শেষ করা হবে। এ জন্য প্রায় ৭০০ কোটি টাকার প্রয়োজন হবে।
সভায় জানানো হয়, বনানী-গুলশান লিংক রোডের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে এ সড়ক খুলে দেওয়া যেতে পারে।
অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার সচিব শেখ খুরশীদ আলম, গণপূর্ত সচিব এ এস এম রাশিদুল হাই এবং ওয়াসা, রাজউক ও ঢাকা সিটি করপোরেশনের প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/১৮৩৯ঘ.
bdnews24