টাঙ্গাইল, অক্টোবর ১৩ (বিডিনিইজ টোয়েন্টিফোর ডটকম) - যমুনা বহুমুখী সেতু আঞ্চলিক মিলনায়তনে সোমবার সার্কভূক্ত দেশগুলোর স্কাউটসের প্রধান কমিশনারদের ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় অংশগ্রহণকারী বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মো. আবুল কালাম আজাদ জানান, সভায় 'সাউথ এশিয়া স্কাউটস ফোরাম' গঠনের ব্যাপারে সবাই একমত হয়েছেন। এর ফলে সার্কভূক্ত দেশগুলোর মধ্যে স্কাউটস প্রোগ্রাম ও সামাজিক কর্মসূচি বিনিময় বেড়ে যাবে।
সভায় আরও অংশগ্রহণ করেন- ভারত স্কাউটস অ্যান্ড গাইডের জাতীয় কমিশনার এল এম জৈন, মালদ্বীপের দি স্কাউটস অ্যাসোসিয়েশনের প্রধান কমিশনার আহমেদ আলী মানিকু, নেপাল স্কাউটসের প্রধান কমিশনার শ্রীরাম লামিচানি, পাকিস্তান বয় স্কাউটস অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক কমিশনার গাজানফার মাসকুর, শ্রীলঙ্কা স্টাউটস অ্যাসোসিয়েশনের প্রধান কমিশনার চন্দ্রসেনা বাতুওয়ানগালা এবং ওয়ার্ল্ড স্কাউটস ব্যুরোর এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক সিড ক্যাস্টিলো।
সন্ধ্যায় অতিথিদের সম্মানে টাঙ্গাইল শিল্পকলা একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের কথা রয়েছে।
গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে রোববার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ষষ্ঠ 'সাফ ফ্রেন্ডশিপ ক্যাম্প'।
'শান্তি ও বন্ধুত্বের জন্য স্কাউটিং' (স্কাউটিং ফর পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ)- এ স্লোগানে এ বছর সাফ ফ্রেন্ডশিপ ক্যাম্পে সার্কভূক্ত দেশগুলোর মোট ৩৫০জন রোভার স্কাউট ও কর্মকর্তা অংশ নিচ্ছেন।
আগামী ১৬ অক্টোবর যুব সংসদের (ইয়ুথ পার্লামেন্ট) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে স্কাউটিং কার্যক্রম জোরদার ও বিনিময়ের লক্ষ্য নিয়ে দক্ষিণ এশিয়া ফাউন্ডেশনের (সাফ) সহযোগিতায় ২০০২ সাল থেকে 'সাফ ফ্রেন্ডশিপ ক্যাম্পে'র যাত্রা শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৩৪ ঘ.
bdnews24