নওগাঁ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁ-২ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ মো. শামসুজ্জোহা খান রোববার রাতে জামিনে মুক্তি পেয়েছেন।
নওগাঁ কারাগারের জেলার আল মামুন সাংবাদিকদের জানান, শামসুজ্জোহা খান গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে তিন মাসের জামিন পেয়েছেন। কিন্তু জামিন সংক্রান্ত কাগজপত্র তারা না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া যায়নি। আজ (রোববার) কাগজপত্র হাতে পেয়ে রাত পৌনে ৯টায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
মুক্তি পাওয়ার পর শামসুজ্জোহাকে জেল গেটে স্বাগত জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক সনি, শহর বিএনপির সভাপতি মো. নাসির উদ্দীন আহমেদ প্রমুখ।
গত বছর ১৩ সেপ্টেম্বর জরুরি বিধিমালায় শামসুজ্জোহাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এ বছর ২৯ মে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে মুক্তি পাওয়ার পর তাকে জেল গেট থেকে আবার গ্রেপ্তার করা হয়। পরে চাঁদাবাজি ও নারী-শিশু নির্যাতন মামলায় পাঠানো হয় জেলহাজতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১২ ঘ.
bdnews24