সাভার, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের একটি তৈরি পোশাক কারখানা থেকে রোববার সকালে এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত শ্রমিক হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার খায়ের হাট গ্রামের হাসেম শেখের মেয়ে ফরিদা পারভীন (১৯) ।
সাভার থানার উপ পরিদর্শক আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল নয়টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের কাছে মাদানী সুপার মাকের্টের ৪র্থ তলায় অবস্থিত 'দি ক্লথ এন্ড ফ্যাশন লিমিটেড'র ভিতর থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সুইং হেলপার ফরিদার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।"
তবে এটি হত্যা না আত্মহত্যার ঘটনা সে ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফরিদার কয়েকজন সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার একই সঙ্গে কাজ করে রাত ৮টার দিকে কারখানা ছুটির পর সবাই যে যার বাড়ি চলে যান। সকালে কারখানায় এসে তারা ফরিদার ঝুলন্ত লাশ দেখতে পান।
ফরিদাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে বলে দাবি করেন তার সহকর্মীরা।
তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি করেছেন।
এ ঘটনার পর বেলা ১১টার দিকে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালক এমদাদুল করীমের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৯০৪ ঘ.
bdnews24