২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় বিশ্বব্যাংকের শর্তযুক্ত তহবিল না নেয়ার আহ্বান

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিশ্বব্যাংকের শর্তযুক্ত তহবিল না নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বেসরকারী সংস্থা ইক্যুইটি বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 03:29 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিশ্বব্যাংকের শর্তযুক্ত তহবিল না নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বেসরকারী সংস্থা ইক্যুইটি বাংলাদেশ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ইক্যুইটি বাংলাদেশ আয়োজিত 'জলবায়ু তহবিল ব্যবস্থাপনা ও বিশ্বব্যাংকের অর্ন্তভুক্তি' শীর্ষক এক সেমিনারে এ আহ্বান জানানো হয় বলে সংস্থটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। মূল প্রবন্ধে ইক্যুইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক শামছুদ্দোহা বলেন, "মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের কর্তৃত্ব কোনোভাবেই সমর্থন করা যাবে না। কারণ বিশ্বব্যাংকসহ অন্যান্য আর্ন্তজাতিক অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানের চাপিয়ে দেয়া উন্নয়ন নীতিমালাই জলবায়ুর পরিবর্তনকে তরান্বিত করছে।" তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিশ্বব্যাংকের নিয়ন্ত্রণাধীন ও শর্তযুক্ত তহবিল না নেয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করছি।" বেসরকারি সংস্থা অক্সফামের সমন্বয়ক জিয়াউল হক বলেন, "গত ১০ সেপ্টেম্বের লন্ডন কনফারেন্সে বাংলাদেশ সরকার যে 'ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন ফর বাংলাদেশ' উপস্থাপন করা হয়েছিল তা একটি অপূর্নাঙ্গ দলিল। এটি তৈরির সময় ঝুঁকিপ্রবণ অঞ্চলের জনগোষ্ঠির সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।" সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সেমিনারে বলেন, "কিছু প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা করা যাবে না। উন্নয়ন পরিকল্পনা ও কর্মকাণ্ডের সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় আনতে হবে। এ বিষয়ে কৌশলপত্রের উন্নয়ন ও তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে ঝুঁকিতে থাকা জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।" এ বিষয়ে আন্তর্জাতিক কোনো সম্মেলনে যোগ দেয়ার আগে সরকারের অবস্থান জনসমক্ষে প্রকাশ করারও দাবি জানান তিনি। সাবেক সাংসদ প্রকৌশলী মো. সহিদুজ্জামান বলেন, "জলবায়ু পরিবর্তনের মত গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক মতাদর্শের প্রতিফলন থাকা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সব দলের অংশগ্রহণে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন।" ইক্যুইটি বাংলাদেশের ড. তোফায়েল আহমেদ ও মোস্তফা কামাল আকন্দ সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/২১২২ ঘ.