চট্টগ্রাম, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতকানিয়ার চর খাগরিয়া গ্রামে শুক্র ও শনিবার দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এর মধ্যে ১২ জন হয়েছেন গুলিবিদ্ধ।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এবং শনিবার সকাল ৯টা থেকে সাড়ে এগারটা পর্যন্ত দু'দফায় এ সংঘর্ষ চলে। এ ঘটনায় পুলিশ দুই দিনে ১৫ জনকে গ্রেপ্তার করেছে।
আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং অন্যদের সাতকানিয়া ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন হলেন- নূর মোহাম্মদ, ইলিয়াস, আবুল, আহমদ ছফা, শামসুল ইসলাম, মোহাম্মদ নাছির, আবদুল মালেক, মোহাম্মদ আলমগীর, নূরুন্নবী ও কোরবান আলী।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আবদুল ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে খাগরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আহমদুর রহমান বাদশা এবং স্থানীয় প্রভাবশালী মুছা সওদাগরের সমর্থকরা শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় পক্ষের নয় জনকে গ্রেপ্তার করা হয়।
রাতের ঘটনার জের ধরে শনিবার সকালে দা, লাঠি, বল্লম ও পিস্তল নিয়ে আবার সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ। পুলিশ সকালে ঘটনাস্থল থেকে আরও ছয় জনকে গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তা জানান, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১২ জন গুলিবিদ্ধ হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/জেকে/১৯২০ ঘ.
bdnews24