ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য আওয়ামী লীগের গঠনতন্ত্রে সহযোগী সংগঠনের নাম না রাখার সুপারিশ করা হচ্ছে বলে জানিয়েছে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হোসেন তৌফিক ইমাম।
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, শনিবার দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সুপারিশ উপস্থাপন করা হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
ইমাম বলেন, "রাজনৈতিক দলর নিবন্ধীকরণের যে আইন করা হয়েছে তার সঙ্গে সঙ্গতি রেখেই গঠনতন্ত্র সংশোধনের এ সুপারিশ করা হয়েছে।"
আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৫তম অনুচ্ছেদে মোট নয়টি সহযোগী সংগঠনের নাম উল্লেখ করা আছে। সংগঠনগুলো হলো- মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতি লীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ। এর বাইরে যুব মহিলা লীগও কর্মকাণ্ড পরিচালনা করছে।
ইমাম জানান, এই ধারা সংশোধন করে সহযোগী সংগঠন থাকার বিষয়টি বাদ দেয়ার সুপারিশ করা হচ্ছে।
কার্যনির্বাহী কমিটি প্রস্তাবটি অনুমোদন করলে এই সংগঠনগুলো স্বাধীনভাবে চলবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "ঠিক স্বাধীন নয়, নিজস্ব স্বকীয়তা ও গণতান্ত্রিক অধিকার বজায় রেখেই এসব সংগঠন পরিচালিত হবে। তবে আওয়ামী লীগের গঠনতন্ত্রে তাদের উল্লেখ থাকবে না।"
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নূহ উল আলম লেনিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের কয়েকজন শীর্ষ নেতা বৈঠক করে গঠনতন্ত্র সংশোধনের এ প্রস্তাব তৈরি করেন।
লেনিন জানান, হোসেন তৌফিক ইমাম, আবুল মাল আব্দুল মুহিত এবং তিনি নিজে ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, "গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সঙ্গতি রেখেই আমরা ২৫তম অনুচ্ছেদ প্রতিস্থাপিত করার সুপারিশ করেছি। শনিবার কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।"
নতুন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে হলে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন করতে হবে এবং নিবন্ধন পেতে হলে কোনও অঙ্গ বা সহযোগী সংগঠন থাকা চলবে না।
এর পরিপ্রেক্ষিতে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "আওয়ামী লীগের কোনও সহযোগী সংগঠন থাকবে না। তারা স্বাধীন হয়ে যাবে।"
আশরাফুলের এই বক্তব্যের পর সহযোগী সংগঠন থাকা না থাকা নিয়ে দলের ভেতরে বিভ্রান্তির সৃষ্টি হয়।
এরপর দলের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলেন, "আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠন নেই। যা আছে সব সহযোগী সংগঠন। এদের সহযোগী হিসাবে না রাখার বিধান কোনোভাবেই গ্রহণ করবে না আওয়ামী লীগ।"
জবাবে প্রধান নির্বাচন কমিশনার এটি এম শামসুল হুদা দলের গঠনতন্ত্রে কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের নাম না রাখার জন্য আওয়ামী লীগকে পরামর্শ দেন। বর্তমানে থাকা 'সহযোগী' সংগঠনগুলো স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালাতে পারবে এমন একটি বাক্যও গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করতে বলেন তিনি।
এরপর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বৃহস্পতিবার সাফ জানিয়ে দেন, তার দলে অঙ্গ সংগঠন না থাকলেও 'সহযোগী' সংগঠন থাকবেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২৩৩৭ গ.
bdnews24