২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিকেট নিয়ে জালিয়াতির প্রতিবাদে রাজশাহীতে ট্রেন অবরোধ

রাজশাহী রেলওয়ে স্টেশনের টিকেট বিক্রির দায়িত্বে নিয়োজিত কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড'র বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে যাত্রীরা শুক্রবার বিকেলে পদ্মা আন্তঃনগর ট্রেন দেড় ঘণ্টা অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 05:27 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

রাজশাহী, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী রেলওয়ে স্টেশনের টিকেট বিক্রির দায়িত্বে নিয়োজিত কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড'র বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে যাত্রীরা শুক্রবার বিকেলে পদ্মা আন্তঃনগর ট্রেন দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। যাত্রীদের প্রতিবাদের মুখে কম্পিউটার সিস্টেমের লোকজন অফিস বন্ধ করে পালিয়ে যায়। পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধের কারণে নির্ধারিত সময়ের (বিকাল ৪টা) দেড় ঘণ্টা পর বিকাল ৫টা ৩৫ মিনিটে পদ্মা আন্তঃনগর ট্রেনটি ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, কম্পিউটার সিস্টেম কর্তৃপক্ষ রেলওয়ের টিকিট কাউন্টারের কর্মচারীদের যোগসাজসে একই বগির প্রতিটি সিটের বিপরীতে দুই থেকে সর্বোচ্চ পাঁচ/ছয়টি টিকিট বিক্রি করে। ফলে সিট নিয়ে যাত্রীরা পরস্পরের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষুব্ধ যাত্রীরা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ট্রেন অবরোধ করে রাখে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ডেপুটি কমিশনার (পশ্চিম) সাজ্জাদুর রহমান, র‌্যাব-৫ এর ক্যাপ্টেন আমিনুর রহমান ও বোয়ালিয়া জোনের সহকারি কমিশনার হুমায়ুন কবিরের উপস্থিতি পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার আব্দুল হক হাওলাদার ও স্টেশন সুপারিনটেনডেন্ট এসএম আকবর আলী ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও যাত্রীদের টাকা ফেরত অথবা রাত ১২টার বিশেষ ট্রেনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করার আশ্বাস দিয়ে যাত্রীদের শান্ত করেন। রাজশাহীর তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্মকর্তা হাফিজুল ইসলাম জানান, বিকেলে পদ্মা ট্রেনে সপরিবারে ঢাকায় যেতে পারেননি। তিনি ৩ অক্টোবর অগ্রিম সাতটি টিকিট কাটেন। শুক্রবার নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে ট্রেনের বগিতে এসে দেখেন একই নম্বরের টিকিটে ওই সিট দখলের জন্য কয়েকজন ব্যক্তি বাকবিতণ্ডায় লিপ্ত রয়েছেন। নিজের ছয়টি টিকিটের মধ্যে তিনটি টিকেট জাল বলে চিহ্নিত করেন তিনি। একই অবস্থার শিকার হন সিআইডি রাজশাহী অঞ্চলের এএসপি গৌতম বিশ্বাস, রাজশাহী বারের সভাপতি মো. ইয়াহিয়া, রাজশাহী নাগরিক কমিটির সদস্য সচিব সৈয়দ সাফিকুল আলমসহ অনেক যাত্রী। ভুক্তভোগী যাত্রীরা গার্ড এটেনডেন্টদের সহযোগিতা না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেন। এদিকে ঘটনার পর রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী-ঢাকা ক্যান্টনমেন্ট আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি নিয়ে অনাকাঙ্খিত ঘটনার জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং ঘটনা তদন্তের জন্য বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে (পাকশী) আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএইচবি/২৩১৯ ঘ.