২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান

যুদ্ধাপরাধীদের সামাজিকভাবে বয়কট করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য দেশবাসীর প্রতি আবারও আহ্বান জানিয়েছেন মুক্তি বাহিনীর উপ-প্রধান সেনাপতি অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 04:44 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

জামালপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের সামাজিকভাবে বয়কট করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য দেশবাসীর প্রতি আবারও আহ্বান জানিয়েছেন মুক্তি বাহিনীর উপ-প্রধান সেনাপতি অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তম। শুক্রবার জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাউসী রেলব্রিজ যুদ্ধপীঠ স্মারক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। একে খন্দকার বলেন, "শুধু পতাকা ও একখণ্ড ভূমির জন্য দেশের ৩০ লাখ মানুষ প্রাণ দেয়নি। তারা চেয়েছিল স্বাধীন জীবন। যে জীবনে তারা স্বাধীনতা, নিরাপত্তা ও শান্তি পাবে। পাবে দুই বেলা খাবার ও চিকিৎসা। এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সে দাবি পূরণ হয়নি।" তিনি বলেন, "জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যার পর যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বন্ধ হয়। এরপর তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হয়। বসানো হয় ক্ষমতায়। তাদের মন্ত্রী করা হয়।" মুক্তিযুদ্ধের সেনাপতি বলেন, "যারা স্বাধীনতা যুদ্ধের সময় লাল সবুজের পতাকা পায়ের নিচে রেখেছিল তারা মন্ত্রী হয়ে ওই পতাকা উড়িয়ে চলেছে। এ অপমান মুক্তিযোদ্ধাদের সহ্য করা সম্ভব নয়।" তিনি যুদ্ধাপরাধীদের বয়কটের পাশাপাশি তাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে বয়কটের দাবি জানান। মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সাংসদ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সচিব মফিদুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। একে খন্দকার পরে সরিষাবাড়িতে মুক্তিযোদ্ধাদের গণকবর পরিদর্শন করে বারই পটলে মুক্তিযোদ্ধাদের সমাবেশে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএইচবি/২২৩৮ ঘ.