ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেয়ারম্যানের একক ক্ষমতা কমিয়ে আনাসহ গঠনতন্ত্র সংশোধনের কয়েকটি প্রস্তাব বৃহস্পতিবার গ্রহণ করেছে জাতীয় পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম- প্রেসিডিয়াম।
বিকেলে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের সভাপতিত্বে প্রেসিডিয়ামের এ বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১২ অক্টোবর দলের বর্ধিত সভায় এসব সংশোধনী প্রস্তাব উত্থাপন করা হবে বলে পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে জানানো হয়, বৈঠকে দলের গঠনতন্ত্র সংশোধনের মোট পাঁচটি প্রস্তাব গৃহীত হয়।
এগুলো হলো- চেয়ারম্যানের একক ক্ষমতা কমিয়ে প্রেসিডিয়ামের সঙ্গে সমন্বয় করা, দলীয় চেয়ারম্যান ও মহাসচিব পদে এক ব্যক্তির দুই মেয়াদের বেশি সময় না থাকা, দুই বছরের বদলে তিন বছর পর পর দলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠান, পার্টির ৬টি অঙ্গসংগঠন রাখা এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির সদস্য সংখ্যা বাড়ানো।
প্রেসিডিয়াম বৈঠকে জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার তৈরির জন্য কাজী জাফর আহমদের নেতৃত্বে একটি উপকমিটি করা হয়। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জি এম কাদের ও এ বি এম রুহুল আমিন হাওলাদার এ কমিটিতে সদস্য হিসেবে থাকবেন।
বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্যের মধ্যে রওশন এরশাদ, টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, সৈয়দ আবু হোসেন বাবলা, হাফিজ উদ্দিন আহমেদসহ ২৩ জন প্রেসিডিয়াম সদস্য ও দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন তালুকদার উপস্থিত ছিলেন।
২০০৭ সালের ১ জানুয়ারির পর চেয়ারম্যানের ক্ষমতা কমানোর জন্য গঠনতন্ত্র সংশোধন করার দাবিতে রওশন এরশাদের নেতৃত্বে দলটি বিভক্ত হয়ে পড়ে। পরে রওশনসহ বিভক্ত অংশের নেতাদের দলে ফিরিয়ে আনেন এরশাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২গ২৮ ঘ.
bdnews24