২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে মেয়র কামরানের স্বাস্থ্য পরীক্ষা

কারাবন্দি মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার হাসপাতালে নেওয়া হয়। কুমিল্লা কারাগারে আটক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কামরান দাঁত, কান ও চোখের সমস্যায় ভুগছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 12:22 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

কুমিল্লা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার হাসপাতালে নেওয়া হয়। কুমিল্লা কারাগারে আটক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কামরান দাঁত, কান ও চোখের সমস্যায় ভুগছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। কঠোর নিরাপত্তার মধ্যে সকাল ১০টায় মেয়র কামরানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর দুপুর ১২টায় তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারাধ্যক্ষ মো. বজলুর রহমান সাংবাদিকদের জানান, কারাবন্দি মেয়র তার শারীরিক সমস্যার কথা জানালে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা করতে তাকে হাসপাতালে নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক চিকিৎসক সাংবাদিকদের জানিয়েছেন, মেয়র কামরান দাঁত, কান ও চোখের সমস্যায় ভুগছেন। সমস্যাগুলো খুব বেশি জটিল নয়। তাকে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। দেশে জরুরি অবস্থা জারির পর বদরউদ্দিন আহমদ কামরানকে ২০০৭ সালের ৬ এপ্রিল গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিটি কর্পোরেশনের একটি মার্কেট ইজারা দেওয়ায় দুর্নীতির অভিযোগে একটি মামলা রয়েছে। উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে গত বছরের ২৮ মে পুনরায় তাকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫২ ঘ.