সিরাজগঞ্জ, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনজীবী সমিতির কার্যনির্বাহী সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত ও বানচাল এবং আইনজীবীদের হুমকি দেওয়ার অভিযোগে জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহীম খলিলের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
মঙ্গলবার ৩১ জন আইনজীবী সিরাজগঞ্জ সিনিয়র জজ আদালতে এই মামলা করেন।
বিচারক মো. আব্দুর রহমান শুনানি শেষে জেলা প্রশাসকের নির্বাচন স্থগিতের মৌখিক নির্দেশের উপর অন্তবর্তীকালীন নিষেধজ্ঞা ও কারণ দর্শানোর নোটিশ দেন। একই সঙ্গে ৩১ জানুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হলেও ২৪ জানুয়ারি জরুরি অবস্থার অজুহাত দেখিয়ে নির্বাচন স্থগিত করার মৌখিক নির্দেশ দেন জেলা প্রশাসক। অন্যথায় প্রশাসনিক হয়রানিরও হুমকি দেন তিনি। ওই দিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ২টি প্যানেলের আইনজীবীরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশ ও হুমকি দেন।
আগামী ৩১ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত ৩০ ডিসেম্বর নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। এতে ২টি প্যানেলে ১৭টি পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী প্রচারণার কাজও শুরু করেন।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নুরু আমীন বলেন, বিচার বিভাগ পৃথক হওয়ার পরপরই জেলা প্রশাসক আইনজীবীদের সঙ্গে বিমাতাসূলভ আচরণ শুরু করেছেন। জরুরি অবস্থার মধ্যেই সিরাজগঞ্জ বাস মালিক সমিতি, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা শিল্পকলা একাডেমি নির্বাচন হয়েছে।
মামলার বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহীম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জরুরি অবস্থায় যে কোন সংগঠনের নির্বাচন করতে গেলে আগে জেলা প্রশাসনের অনুমতি নিতে হয়। কিন্তু আইনজীবী সমিতি অনুমতি না নিয়েই নির্বাচনের কার্যক্রম শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৪ ঘ.
bdnews24