লালমনিরহাট, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট থেকে বুড়িমারী যাওয়ার পথে আদিতমারীতে রোববার রাতে একটি যাত্রিবাহী ট্রেনের ছয়টি বগি লাইচ্যুত হয়েছে। বগি থেকে লাফ দিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন ১৫ যাত্রী।
আদিতমারী উপজেলার নামুড়িহাট-কাকিনা রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনায় লাইনচ্যুত ৬টি বগির মধ্যে দু'টি কাত হয়ে পড়ে যায়।
লালমনিরহাট রেলের বিভাগীয় ট্রাফিক সুপারিন্টেনডেন্ট সৈয়দ জহুরুল ইসলাম রাত ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পাওয়ার পর লালমনিরহাট থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে গেছে।"
তিনি জানান, দুর্ঘটনার কারণে ওই সেকশনের বুড়িমারী থেকে লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে আসা ৪৫২ ডাউন ট্রেন তুষভাণ্ডার স্টেশনে আটকা পড়ে আছে।
বিডিনিউজ ঠোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০০২২ ঘ.
bdnews24