চট্টগ্রাম, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---নগরীর লালখান বাজার চাঁনমারী রোডে রোববার দিনে দুপুরে বাসার দরজা ভেঙে ডাকাতরা ২০ ভরি স্বর্ণালংকার লুট করেছে।
চাঁনমারী রোডের রহমান ভবনের বাসিন্দা হাসিনা ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে একদল সশস্ত্র ডাকাত দরজার তালা ভেঙে পঞ্চম তলার ভাড়াটে সিটি কলেজের প্রভাষক এম শামসুদ্দিন আজাদের বাসার ভেতরে ঢোকে। তারা বাসার আলমারি ভেঙে ২০ ভরির বেশি ওজনের স্বর্ণালংকারসহ মালামাল লুট করে পালিয়ে যায়। ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না।
এম শামসুদ্দিন জানান, বাড়ির মালিকের কাছ থেকে খবর পেয়ে কলেজ থেকে বাসায় এসে দরজা ও আলমারির তালা ভাঙা পান। তারা গত মাসের মাঝামাঝি এ বাড়িতে ঘর ভাড়া নিয়েছিলেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে খুলশী থানার উপ পরিদর্শক দীপংকর জানান, তারা ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/১৯৩৮ঘ.
bdnews24