সিরাজগঞ্জ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি নিয়ে 'সলঙ্গা বিদ্রোহ' দিবস পালিত হচ্ছে ২৭ জানুয়ারি, রোববার।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে শুরু হয় বিলেতী পণ্য বর্জন কর্মসূচি। ১৯২২ সালে সিরাজগঞ্জে সে আন্দোলনের মূল সংগঠক আব্দুর রশীদ তর্কবাগীশকে গ্রেপ্তার করলে সলঙ্গার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে।
১৯২২ সালের ২৭ জানুয়ারির বর্তমান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার সলঙ্গায় পুলিশের বিরুদ্ধে হাজার হাজার জনতা লাঠি, তীর, ধনুক, বল্লম, নিয়ে সংঘর্ষে ঝাঁপিয়ে পড়ে। ওই সময় পুলিশের গুলিতে প্রাণ হারায় অনেকে।
ঠিক কত জন ওই দিন প্রাণ হারিয়েছিলেন, তার সঠিক সংখ্যা জানা না গেলেও ধারণা করা হয়, ওই সংখ্যা চার হাজার হবে।
আন্দোলনের চাপে মুক্তি দেওয়া হয় আব্দুর রশিদ তর্কবাগীশকে। সেই থেকে দিনটি উপমহাদেশের ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে।
সলঙ্গা দিবস উপলক্ষে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, বাসদ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, সাংস্কৃৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূূচি পালন করছে। মঙ্গলবার পর্যন্ত তিন দিন ধরে এসব কর্মসূূচি চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫১ ঘ.
bdnews24