পটুয়াখালী, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণাঞ্চলের জালিয়াত চক্রের প্রধান ও ভূমিগ্রাসী হিসেবে পরিচিত হাবিবুর রহমানকে (৪৫) বিপুল পরিমাণ জাল সিল মোহর ও পুরাতন দলিলসহ আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে শহরের টিবি ক্লিনিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক আলী আকবর জানান, হাবিবুর রহমান একটি চক্রের মাধ্যমে জাল দলিল তৈরি করে দক্ষিণাঞ্চলের সরকারি ও বেসরকারি জমি বিভিন্ন জনের নামে বরাদ্দ, এক জনের জমি অন্যের নামে লিখে দিতেন। এর মাধ্যমে চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিত বলে তিনি জানান।
তিনি জানান, বিষয়টি জানতে পেরে তিনি ২১ জানুয়ারি জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাবিবুর রহমানের বিরুদ্ধে তল্লাশি পরোয়ানা জারির আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর করে।
পরে রাত সাড়ে ১২টার দিকে সদর থানা পুলিশ শহরের টিবি ক্লিনিক এলাকায় হাবিবুর রহমানের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
তার কাছ থেকে হাইকোর্ট, প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট, সহকমিশনার, ভূমি, পটুয়াখালীর সাবেক পৌর চেয়ারম্যান, মুখ্য বিচারিক হাকিম, পৌর কমিশনার, সাব-রেজিষ্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও দপ্তরের নকল ৮৬টি সিল উদ্ধার করা হয়।
এছাড়া পাকিস্তান আমলের বিপুল পরিমাণ লিখিত জাল দলিলও উদ্ধার করা হয়েছে বলে উপ-পরিদর্শক আলী আকবর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৭ ঘ.
bdnews24