২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষষ্ঠ ওয়েজ বোর্ড রোয়েদাদ পর্যালোচনার জন্য কমিটি

প্রজ্ঞাপন আকারে ঘোষিত ষষ্ঠ ওয়েজ বোর্ড রোয়েদাদ পর্যালোচনার জন্য সাত সদস্যের কমিটি করেছে সরকার। আইন, বিচার ও সংসাদ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী হাবিবুল আউয়ালকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রজ্ঞাপন আকারে ঘোষিত ষষ্ঠ ওয়েজ বোর্ড রোয়েদাদ পর্যালোচনার জন্য সাত সদস্যের কমিটি করেছে সরকার। আইন, বিচার ও সংসাদ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী হাবিবুল আউয়ালকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সোমবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। কমিটির সদস্যরা হচ্ছেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও বাংলাদেশ সংবাদপত্র পরিষদের প্রতিনিধি গোলাম সারওয়ার, দৈনিক প্রথম আলোর সম্পাদক ও নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রতিনিধি মতিউর রহমান, সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের প্রতিনিধি মঞ্জুরুল আহসান বুলবুল ও রুহুল আমীন গাজী এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. জয়নাল আবেদীন। তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব খুরশীদ আলম কমিটির সদস্য সচিবের দায়িত্বে থাকবেন। তথ্য বিবরণীতে জানানো হয়, কমিটি সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের জন্য ঘোষিত ষষ্ঠ ওয়েজ বোর্ড রোয়েদাদ পর্যালোচনা এবং বেতন-ভাতার ক্ষেত্রে অসঙ্গতি থাকলে তা দূর করার জন্য সরকারের কাছে সুপারিশ করবে। রিভিউ কমিটি এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দেবে বলেও জানানো হয় তথ্য বিবরণীতে। প্রসঙ্গত গত বছরের ৬ ডিসেম্বর গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ষষ্ঠ ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণা করে সরকার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/এমএইচবি/২২২০ ঘ.