২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইশতিয়াক আহমেদ রাজনীতিবিদদের রাজনীতিবিদ ছিলেন: স্মরণসভায় শ্রদ্ধা

প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় তার জীবন ও কর্মের মুক্তকণ্ঠ প্রশংসা করলেন বক্তারা। সোমবার বিকালে বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুিষ্ঠত হয় এ আলোচনা সভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 04:11 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় তার জীবন ও কর্মের মুক্তকণ্ঠ প্রশংসা করলেন বক্তারা। সোমবার বিকালে বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুিষ্ঠত হয় এ আলোচনা সভা। স্মৃতি পরিষদের সভাপতি সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলামিস্ট বদরুদ্দিন ওমর, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, গ্রন্থ 'দি ইশতিয়াক পের্পাস'-এর প্রকাশক মহিউদ্দিন আহমেদ, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও ব্যারিস্টার নিহাদ কবির। বিচারপতি মোস্তফা কামাল বলেন, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ দেশ নিয়ে চিন্তা করতেন। আমাদের দেশে দেশ নিয়ে চিন্তা করার লোকের সংখ্যা খুব কম। সকলে নিজেকে নিয়ে চিন্তা করে। তিনি মৃত্যুশয্যায় বসেও বলেছেন, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ বর্তমান শাসনতন্ত্রে যে অবস্থায় আছে এর একটি পরিবর্তন দরকার। তিনি এ পরিবর্তনের রুপরেখাও বলে গেছেন। বিচারপতি মোস্তফা কামাল আরও বলেন, ইশতিয়াক আহমেদ রাজনীতি করতেন না। তবে তিনি রাজনীতিবিদদের রাজনীতিবিদ ছিলেন। বদরুদ্দিন ওমর বলেন, সৈয়দ ইশতিয়াক আহমেদ বিচার বিভাগ পৃথককরণের জন্য যথেষ্ট কাজ করে গেছেন। কিন্তু পৃথককরণ দেখে যেতে পারেননি। তবে যে প্রক্রিয়ায় নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়েছে তা দেখলে তিনি সুখ অনুভব করতেন না। বদরুদ্দিন ওমর আরও বলেন, আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় রাজনৈতিক প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠেছিল। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে তখন সাময়িক সমস্যার সমাধান হয়েছিল। এখন তত্ত্বাবধায়ক সরকার দিয়ে আমাদের দেশের রাজনৈতিক সমস্যার সমাধান হয়না। তত্ত্বাবধায়ক সরকারের 'পতনের ফলে' নতুন সরকারের উদ্ভব হয়েছে মন্তব্য করে তিনি বলেন, "এই সরকার নিজেই বলেছে তারা সামরিক বাহিনী সমর্থিত অন্তবর্তীকালীন সরকার।" মাহমুদুল ইসলাম বলেন, ইশতিয়াক আহমেদের সততা ছিল কেবল কাজকর্মে নয়, চিন্তা ও রাজনৈতিক ভাবাদর্শেও। তিনি আরও বলেন, মাগুরার বিতর্কিত নির্বাচনের পর কি করে সুষ্ঠু নির্বাচন হবে এ নিয়ে সৈয়দ ইশতিয়াক আহমেদ ভাবনায় ছিলেন। যদিও জামায়াতে ইসলামী প্রথম তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে তবুও এর আইনী কাঠামো তৈরীতে ইশতিয়াক আহমেদের অবদান ছিল অপরিসীম। মহিউদ্দিন আহমেদ বলেন, ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ দুবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব সফলভাবে পালন করেছেন। অনুষ্ঠানে সৈয়দ ইশতিয়াক আহমেদের লেখার সংকলন 'দি ইশতিয়াক পেপারস' এর মোড়ক উন্মোচন করেন বিচারপতি মোস্তফা কামাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান, ড. কামাল হোসেন, ড. আবুল মাল আবদুল মুহিত, ড. এম জহির, ড. আনিসুজ্জামান, আপিল বিভাগের বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি এম এ মতিন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সাংবাদিক আতাউস সামাদ, ইশতিয়াক আহমদের মেয়ে ডা. রায়না ফাতেহ্ প্রমুখ। অনুষ্ঠানে ইশতিয়াক আহমেদের সাক্ষাতকারের একটি ভিডিওচিত্রও প্রদর্শন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২১৪৯ঘ.