২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু: নাটোর ও বরগুনায় ১৩ হাজার মুরগি নিধন

নাটোর ও বরগুনায় বার্ড ফ্লু আক্রান্ত বলে নিশ্চিত হওয়ার পর প্রায় ১৩ হাজার মুরগি নিধন ও সাড়ে চার হাজার ডিম ধ্বংস করা হয়েছে। আমাদের নাটোর প্রতিনিধি জানান, জেলার সবচেয়ে বড় খামার গুরুদাসপুর উপজেলায় অবস্থিত ভিলেজ চিকেন পল্ট্রি ফার্মে বার্ড ফ্লু সংক্রমিত হওয়ায় রোববার রাতে ওই খামারের প্রায় সাড়ে আট হাজার মুরগি ও সাড়ে চার হাজার ডিম ধ্বংস করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 11:00 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর ও বরগুনায় বার্ড ফ্লু আক্রান্ত বলে নিশ্চিত হওয়ার পর প্রায় ১৩ হাজার মুরগি নিধন ও সাড়ে চার হাজার ডিম ধ্বংস করা হয়েছে। আমাদের নাটোর প্রতিনিধি জানান, জেলার সবচেয়ে বড় খামার গুরুদাসপুর উপজেলায় অবস্থিত ভিলেজ চিকেন পল্ট্রি ফার্মে বার্ড ফ্লু সংক্রমিত হওয়ায় রোববার রাতে ওই খামারের প্রায় সাড়ে আট হাজার মুরগি ও সাড়ে চার হাজার ডিম ধ্বংস করা হয়েছে। খামার মালিক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহষ্পতিবার থেকে তার খামারের প্রায় এক হাজার লেয়ার (ডিম দেওয়া মুরগি) মুরগি খুব অল্প সময়ের মধ্যে মারা যায়। তিনি স্থানীয় পশুসম্পদ কার্যালয়ের সহযোগিতায় মৃত মুরগি পরীক্ষা করিয়ে জানতে পারেন তার খামারে বার্ড ফ্লু সংক্রমিত হয়েছে। বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর নাটোরের জেলা প্রশাসক এস এম এহসান কবীর, জেলা পশুসম্পদ কর্মকর্তা (দায়িত্বরত) এলাহী বক্স ও স্থানীয় যৌথ বাহিনীর সদস্যরা খামার পরিদর্শন করেন এবং সব মুরগি মাটি চাপা দেওয়ার নির্দেশ দেন। তাদের উপস্থিতিতে রোববার সন্ধা সাড়ে ৭টা থেকে সোমবার ভোর পর্যন্ত খামারের সাত হাজার ৯৬৫টি মুরগি ও তিন হাজার ৭৫০টি ডিম মাটি চাপা দেওয়া হয়। একই সঙ্গে ওই খামারের এক কিলোমিটারের মধ্যে তল্লাশি চালিয়ে আমির হোসেন নামের এক ব্যক্তির ১৮টি কবুতর ও ২৩টি ডিম মাটি চাপা দেওয়া হয়। গুরুদাসপুর উপজেলা পশুসম্পদ কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, ভিলেজ চিকেন পল্ট্রি ফার্ম জেলার সবচেয়ে বড় মুরগি খামার। বার্ড ফ্লুর কারণে খামারের মোট সাড়ে আট হাজার মুরগি ধ্বংস হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২২ লাখ টাকা। তিনি আরও জানান, নাটোর জেলায় এই প্রথম বার্ড ফ্লু সংক্রমিত হয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই। পশু সম্পদ বিভাগ থেকে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। অন্য খামারগুলো যেন আক্রান্ত না হতে পারে তার জন্য খামারিদের সচেতন করা হচ্ছে। বরগুনা প্রতিনিধি জানান, বার্ড ফ্লু ধরা পড়ায় দ্বিতীয় দফায় রোববার রাতে কেওড়াবুনিয়া এলাকায় চার হাজার ৭৪টি হাঁস-মুরগি, কবুতর মেরে মাটি চাপা দেওয়া হয়েছে। সোমবার সকালে বরুগুনা জেলা প্রশাসক জরুরি সভা করে আগামী তিন মাসের জন্য বরগুনা জেলা শহরে হাঁস-মুরগি, ডিম বিক্রি এবং খাওয়া নিষিদ্ধ করেছেন। অন্য এলাকা থেকে যাতে হাঁস-মুরগি আসতে না পারে সে জন্য শহরের সীমানায় নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। জেলা তথ্য কার্যালয় মাইকিং করে সবাইকে হাঁস-মুরগি খাওয়া থেকে বিরত থাকতে ও বিক্রি করার ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন। বরগুনা জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. মো. সামছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বার্ড ফ্লু নিশ্চিত হওয়ার পর ১৬ জানুয়ারি রাতে সদর উপজেলার ঢলুয়া এলাকায় তিন হাজার ২৬২টি হাঁস-মুরগি ও কবুতর নিধন করা হয়। রোববার রাতে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের ইদ্রিসুর রহমান ও মোতালেব মাস্টারের খামারসহ আশপাশের এক কিলোমিটার এলাকার বাড়িতে অভিযান চালিয়ে খামারের ৬২৫টি মুরগি, ৪৪০টি দেশি মুরগি, ১০৩ টি হাঁস, ১৬০টি কবুতর, দুই হাজার ৭৪৬টি মুরগির বাচ্চাসহ চার হাজার ৭৪টি পাখি জাতীয় প্রাণী মেরে ফেলা হয়েছে। একই সঙ্গে এক হাজার ১০৩টি ডিম ধ্বংস করা হয়েছে। গত ১৫ দিনে বরগুনায় কয়েক হাজার হাঁস-মুরগি মারা গেছে। খামার মালিক ইদ্রিসুর রহমান জানান, তার খামারে ৯৬০টি মুরগি ছিল। যার মধ্যে ৬১০টি আগেই মারা গেছে। রোববার রাতে বাকী ৩৫০টি মেরে ফেলা হয়েছে। বরগুনা জেলা প্রশাসক মো. শাফায়েত হোসেন জানান, বরগুনা জেলায় আগামী তিন মাস হাঁস-মুরগি, ডিম খেতে নিষেধ করা হয়েছে। এরপরেও কেউ হাঁস-মুরগি খেয়ে বার্ড ফ্লু আক্রান্ত হয়ে মারা গেলে প্রশাসন দায়ী থাকবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪০ ঘ.