ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেলিম আল দীন আর নেই। সোমবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্বনামখ্যাত এ নাট্যকারের জীবনাবসান হয়। গত তিন দিন ধরেই তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন।
উন্নত চিকিৎসার জন্য সেলিম আল দীনকে সোমবারই থাইল্যান্ড নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই দুপুর ২টা ১০ মিনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীর্তিমান এ শিক্ষক ও নাট্যজনের ৫৮ বছরের জীবনের ইতি ঘটে। (আরও তথ্যসহ- ২)
হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকের সঙ্গে থাকা সেলিম আল দীনের এক সময়ের ছাত্র অভিনেতা শহীদুজ্জামান সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসক সোহরাবউজ্জামান ২টা ১০ মিনিটে ঘোষণা দেন, সেলিম আল দীন আর নেই।"
গুরুতর অসুস্থ সেলিম আল দীনকে শুক্রবার রাতে ল্যাবএইড হাসপাতালে আনার পর থেকেই নাট্যকর্মী ও তার ছাত্ররা ওই হাসপাতালে ছিলেন। 'স্যারের' অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগে ছিলেন তারা।
চিকিৎসকরা সেলিম আল দীনের মৃত্যুর ঘোষণা দিলে হাসপাতালে উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে। শোকগ্রস্ত হয়ে পড়েন নাট্যকর্মীরাও। হাসপাতালে উপস্থিত সেলিম আল দীনের ঘনিষ্ঠ মানুষ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, শহীদুজ্জামান সেলিম, সুবর্ণা মুস্তফাসহ সবার চোখেই ছিল জল।
গত শুক্রবার শ্বাসকষ্ট শুরু হলে ওই দিনই সন্ধ্যায় সেলিম আল দীনকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা হার্ট অ্যাটাকের বিষয়টি নিশ্চিত করার পর রাত সাড়ে ১০টার দিকে তাকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছিল। সোমবার দুপুরের পর তাকে ব্যাংকক নেওয়ার কথা ছিল।
সর্বস্তরের নাগরিকদের শ্রদ্ধা জানানোর জন্য সেলিম আল দীনের মরদেহ আগামী ১৬ জানুয়ারি (বুধবার) সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বলে জানিয়েছেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা হবে। বুধবার সকাল ১০ টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে সেলিম আল দীনের মরদেহ তার ছাত্র ও শুভানুধ্যায়ীরা বহন করে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাবেন। সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হবে বাংলাসাহিত্যের অন্যতম নাট্যকারকে।
রামেন্দু মজুমদার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজার পর মরদেহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আসর জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
সোমবার বিকাল ৪টার পর সেলিম আল দীনের মরদেহ ল্যাবএইড থেকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে হাসপাতালের সামনে শিক্ষার্থী ও নাট্যকর্মীরা একনজর দেখে নেন তাদের এ প্রিয়জনের মুখ। প্রায় আধঘণ্টা অবস্থানের পর বারডেমের উদ্দেশে চলে যায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স। দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রাম থিয়েটার ও অন্যান্য নাট্য সংগঠনের কর্মীদের ঢাকায় আসার আগ পর্যন্ত দু'দিন মরদেহ বারডেমের হিমাগারেই থাকবে।
সেলিম আল দীনের মৃত্যুর খবর পৌঁছার পর পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরীক্ষা ১৬ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে। গোটা ক্যাম্পাস জুড়ে নেমে আসে শোকের ছায়া। প্রিয় শিক্ষক ও সহকর্মীকে হারিয়ে হতবিহ্বল হয়ে পড়েন শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা। তার প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন ও বিস্তারিত কর্মসূচি গ্রহণের জন্য মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট আহ্বান করা হয়েছে।
সেলিম আল দীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের নাট্য আন্দোলনের ইতিহাসে সেলিম আল দীন এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে নাট্য ও সাহিত্য জগতে অপূরণীয় ক্ষতি হলো।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার মৃত্যুতে যে ক্ষতি হলো তা অপূরণীয়। বিশ্ববিদ্যালয় একজন গুণী শিক্ষককে হারালো। তার হাত ধরে বাংলা নাটক নতুন আঙ্গিক ধারণ করে। তিনি প্রচলিত ধারা ভেঙে এপিকধর্মী নাটকের প্রচলন করেন।"
১৯৪৯ সালের ১৮ আগস্ট বর্তমান ফেনী জেলার সেনেরখিল গ্রামে সেলিম আল দীনের জন্ম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি।
সেলিম আল দীনের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে, সর্প বিষয়ক গল্প, জন্ডিস ও বিবিধ বেলুন, কীত্তনখোলা, কেরামতমঙ্গল, হাত হদাই, যৈবতী কন্যার মন, মুনতাসীর ফ্যান্টাসি, চাকা। তার রচনা দেশের বাইরেও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত।
১৯৮৪ সালে সেলিম আল দীন বাংলা একাডেমী পুরস্কার এবং ২০০৭ সালে একুশে পদক পান। এছাড়া কর্মজীবনে বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় সম্মানসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওএস/এমআরএফ/আরএ/এমআই/এসকে/এসএনডি/১৯৩০ ঘ.
bdnews24