ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী সোমবার বলেছেন, সরকার এবং নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ীই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোন অবকাশ নেই।
রোববার আদালতে বিচার কার্যক্রম চলাকালে মার্চ-এপ্রিলের মধ্যে নির্বাচনের জন্য শেখ হাসিনার তোলা দাবি প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে উপদেষ্টা রাশেদা চৌধুরী বলেন, "উনি (শেখ হাসিনা) উনার বক্তব্য দিয়েছেন। সরকারের বক্তব্যের সঙ্গে তার ভিন্নমত থাকতেই পারে। তবে নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর এ নিয়ে আর দ্বিধা দন্দ্বের অবকাশ নেই।"
নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। সরকার এবং নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন হবে।"
রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ কবে নাগাদ অনুষ্ঠিত হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "সরকার সংলাপের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। তবে কবে কোথায়, কখন, কি অবস্থার মধ্যে এ সংলাপ অনুষ্ঠিত হবে তা এখন পর্যন্ত নির্ধারিত হয়নি।"
সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমেই সংলাপ অনুষ্ঠানের তারিখ নির্ধারন করা হবে বলে রাশেদা চৌধুরী জানান।
তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা সংলাপে বসবো এটা নিশ্চিত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে/১২৫৬ঘ.
bdnews24