মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -পৌষ প্রায় শেষের দিকে। এর পরেই মাঘ। বাংলাদেশে মোটামুটি এই দুই মাসের চৌহদ্দিতেই শীত ঋতুর যতো দৌরাত্ম। সেই হিসেবে পৌষের শেষ আর মাঘের আগের এই সময়টায় শীত জাঁকিয়ে বসার কথা।
তবে ঠিক তেমন শীত এবার অনুভূত হচ্ছে না। বিশেষ করে রাজধানীতে। সন্ধ্যার পর পাতলা চাদর বা সুয়েটার জড়িয়েই শীত পার করে দিচ্ছে নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, উত্তরপূর্ব মৌসুমি বায়ুর দুর্বল প্রবাহ ও জেট বায়ু উঁচু দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই এবার শীতের এ অবস্থা। আবহাওয়াবিদরা বলছেন, চরিত্রের দিক থেকে এবারের শীতকাল 'উষ্ণ'।
অবশ্য দেশের অন্য সব অঞ্চলে শীতের অবস্থা রাজধানীর মতো নয়। জানুয়ারির শুরুতেই দেশের উত্তর-পশ্চিম ভাগে বয়ে গেছে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ। এর মধ্যে দৈনিক সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল একবার।
আবহাওয়াবিদরা বলছেন, এবার শীত পড়ার তেমন লক্ষণ নেই। দুর্বল উত্তর-পূর্ব মৌসুমি বায়ু ও জেট বায়ু অনেক উঁচুতে অবস্থান করায় এমনটা হচ্ছে। তবে আরো দু'একটি শৈত্য প্রবাহ দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তারা।
আবহাওয়া কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা সাদেকুল আলম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসময়টায় যে তাপমাত্রা থাকার কথা সারাদেশেই তার চেয়ে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি অনুভূত হচ্ছে। সাধারণত দেশের উত্তরাঞ্চলে শীত বেশি অনুভূত হয়। অথচ গত কয়েকদিনে রাজশাহী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। অথচ পৌষের শেষে এ সময়টাতে ওই এলাকার তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার কথা।"
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শীত কম। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। আগামী দু'তিন দিন এরকমই চলবে। খুব বেশি শীত পড়ার লক্ষণ দেখা যায়নি। এ মাসে দুএকটি শৈত্য প্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছিল। এর মধ্যে মাসের প্রথম দিকে একটি মৃদু প্রবাহ বয়ে গেছে। শেষ দিকে আরেকটি আসতে পারে।"
তিনি বলেন, এখন জেট বায়ু তেমন শক্তিশালী নয়। অনেক উঁচু দিয়ে বয়ে যাচ্ছে। এ কারণে শীত কম। অবশ্য প্রতি বছরই শীতের মাত্রায় কিছুটা পরিবর্তন হয়।
তার মতে, এ বছর শীতকাল মোটামুটি উষ্ণই যাবে। গত বছর তাপমাত্রা ৪ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছিল। এবার তেমন কোনও লক্ষণ নেই। তবে শেষ দিকে শীত বাড়তে পারে।
আবহাওয়া কার্যালয় জানিয়েছে, ঢাকার তাপমাত্রাও এবার স্বাভাবিকের চেয়ে বেশি। শুক্রবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সাজেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইবেরিয়া ও মধ্য এশিয়া থেকে আসা উত্তরপূর্ব মৌসুমি বায়ুর দুর্বল প্রবাহ ও জেট বায়ুর উচ্চতার কারণে এমনটা হতে পারে।
তিনি বলেন, হিমালয়ের কারণে উত্তরপূর্ব মৌসুমি বায়ু সরাসরি এ অঞ্চলে ঢুকতে পারে না। পশ্চিমে ককেশাস ও পূর্বে ফরমোজা চ্যানেল দিয়ে দক্ষিণে উপমহাদেশে প্রবেশ করে। পোলার কন্টিনেন্টাল এয়ারমাস থেকে এ বায়ু প্রবাহের উৎপত্তি। উত্তরপূর্ব মৌসুমী বায়ুর সক্রিয় প্রবাহ এবং জেট বায়ুর নিচে আসা
bdnews24