ঢাকা, ০৯ জানুয়ারী (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শপথ নিয়েছেন নতুন পাঁচ উপদেষ্টা। বুধবার সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বঙ্গভবনের ক্রেডেন্সিয়াল হলে তাদের শপথ পাঠ করান।
বঙ্গভবন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এহসানুল হক জানাচ্ছেন, সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদার বলেন, সংবিধানের ৫৮ (গ) এর ৮ অনুচ্ছেদ অনুযায়ী পাঁচ উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে। তারপর তিনি নতুন উপদেষ্টাদের নাম ঘোষণা করেন।
রাষ্ট্রপতি উপদেষ্টা হিসেবে এ এম এম শওকত আলী, এ এফ হাসান আরিফ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের, রাশেদা কে চৌধুরী ও ড. হোসেন জিল্লুর রহমানকে শপথ পড়ান।
১০ মিনিটের মধ্যে পুরো অনুষ্ঠান শেষ হয়।
শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবন থেকে বের হওয়ার সময় শওকত আলী সাংবাদিকদের বলেন, "নতুন দায়িত্বে সবার সহযোগিতা চাই।"
হোসেন জিল্লুর রহমান বলেন, "ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব নিচ্ছি। তবে সবাই মিলে একযোগে কাজ করলে সফল হওয়া সম্ভব।"
তিনি আরো বলেন, আগে মনে হয়েছিল সমস্যাগুলো রাজনৈতিক। কিন্তু এখন মনে হচ্ছে তা অর্থনীতি কেন্দ্রীক।
সুনির্দিষ্ট কোনও চ্যালেঞ্জ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, "এক যোগে কাজ করার চেষ্টা করবো। দেখা যাক কী হয়।"
গোলাম কাদের বলেন, "আপনাদের সবার সহযোগিতা লাগবে। অর্থনৈতিক বিষয়ই বড় চ্যালেঞ্জ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। এগুলোকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।"
নতুন ৫ উপদেষ্টা ছাড়াও রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের বর্তমান সদস্যরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সচিব আলী ইমাম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্ষুদ্র পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, সচিব ও সাবেক উপদেষ্টাদের এতে আমন্ত্রণ জানানো হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এসএম/জেকে/এমআই/এমএ/২০৩০ ঘ.
bdnews24