চট্টগ্রাম, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় টিভি মামলার আসামি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোখতার আলমকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার মামলার অভিযোগ গঠনের শুনানির দিন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান মোখতার আলম। বিচারক এস এম সোলায়মান তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিন মামলার অভিযোগ গঠনের ওপর আংশিক শুনানি হয়। আদালত আগামী ১৩ জানুয়ারি মামলার অভিযোগ গঠনের ওপর অধিকতর শুনানির দিন ধার্য করেছে।
মামলার আসামি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও বরখাস্তকৃত প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরীকে এদিনও কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার পলাতক আসামি প্রকৌশলী মোখতার আলম আত্মসমর্পণ করায় বিচারক অধিকতর শুনানির দিন নির্ধারণ করেছেন।"
কারাবন্দি মেয়র মহিউদ্দিনকে ঢাকায় পাঠানোর অনুমতিও আদালত দিয়েছে বলে অ্যাডভোকেট জহিরুল হক জানান।
তিনি বলেন, চোখের চিকিৎসার জন্য আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৩ জানুয়ারি আদালতে হাজির হওয়ার শর্ত সাপেক্ষে সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীকে ঢাকায় পাঠানোর অনুমতি দিয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রামের উপ-পরিচালক আবু মোহাম্মদ আরেফ সিদ্দিকী বাদি হয়ে গত ২৭ মে কোতোয়ালি থানায় মেয়রসহ তিন জনের বিরুদ্ধে বিজয় টিভি প্রতিষ্ঠার নামে সিটি কর্পোরেশনের তহবিল থেকে পরস্পরের যোগসাজশে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪৫৩ ঘ.
bdnews24