ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপদেষ্টা পদে শপথ নিতে সাবেক সচিব এ এম এম শওকত আলী, সাবেক সেনা কর্মকর্তা গোলাম কাদের, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, এডাবের সাবেক কর্মকর্তা রাশেদা কে চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
নতুন উপদেষ্টা হিসেবে ওই পাঁচ জনের নাম চূড়ান্ত হওয়ার কথা বুধবার সকালে সরকারের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এদের মধ্যে চার জনের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শওকত আলী বলেছেন, "অপেক্ষা করুন, টিভিতে দেখবেন।"
বিআইডিএস-এর সাবেক সিনিয়র ফেলো হোসেন জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আহমেদ দীপুকে বলেন, "আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। চিন্তা-ভাবনা করছি। আমি মাত্র বিদেশ থেকে ফিরেছি।"
এনজিও কর্মকর্তা রাশেদা কে চৌধুরী আমন্ত্রণ পাওয়ার কথা নিশ্চিত করে আহমেদ দীপুকে বলেন, "আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাড়ে ৬টায় শপথ নিতে যাব।"
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও আহমেদ দীপুকে বলেন, "গতকাল (মঙ্গলবার) আমন্ত্রণ পেয়েছি। আজ সাড়ে ৬টায় বঙ্গভবনে শপথ নিতে যাবো। এটা একটা বড় দায়িত্ব। আপনারা দোয়া করবেন।"
হাসান আরিফের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী আশিক আল জলিল।
তিনি আহমেদ দীপুকে বলেন, "গতকাল (মঙ্গলবার) তিনি(হাসান আরিফ) আমন্ত্রণ পেয়েছেন। আজ তিনি সম্মতি জানিয়েছেন।"
উপদেষ্টা পদে শপথ নিতে আমন্ত্রণ পেয়েছেন কিনা জানতে চাইলে সাবেক সচিব শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর এহসানুল হক বাবুকে বলেন, "আমি এ বিষয়ে কোনও কথা বলতে চাই না। অপেক্ষা করুন, টিভিতে দেখাবে।"
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের জন্য তৈরি রয়েছে বঙ্গভবন।
চার উপদেষ্টার পদত্যাগের পর নতুন উপদেষ্টা কারা হচ্ছেন, তা নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ দেখা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ পাঁচ জনের নাম প্রকাশ করে।
বর্তমান সরকারের এক বছর পূর্তির মাত্র তিন দিন আগে মঙ্গলবার আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এএসএম মতিউর রহমান, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী এবং শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী পদত্যাগ করেন।
'ব্যক্তিগত কারণ' দেখিয়ে চার উপদেষ্টা পদত্যাগ করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এমআই/জিএনএ/এমএ/১৫১৬ ঘ.
bdnews24