২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাইকারি ও খুচরা বাজারে চালের দামে তফাত অনেক

নগরীর আড়ত ও পাইকারি বাজারে যে হারে চালের দাম কমেছে, খুচরা বাজারে সে হারে কমেনি। ফলে ক্রেতাদের এখনও বেশি দামে চাল কিনতে হচ্ছে। মঙ্গলবার নগরীর বৃহত্তম আড়ত ও পাইকারি বাজার চাক্তাইয়ে প্রতি কেজি ভারতীয় বেতি চাল সাড়ে ২৬ টাকা দরে বিক্রি হলেও দুই কিলোমিটার দূরে রেয়াজুদ্দিন বাজারে গিয়ে দেখা গেছে খুচরা দোকানে সে চাল বিক্রি হচ্ছে ৩১ টাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আড়ত ও পাইকারি বাজারে যে হারে চালের দাম কমেছে, খুচরা বাজারে সে হারে কমেনি। ফলে ক্রেতাদের এখনও বেশি দামে চাল কিনতে হচ্ছে। মঙ্গলবার নগরীর বৃহত্তম আড়ত ও পাইকারি বাজার চাক্তাইয়ে প্রতি কেজি ভারতীয় বেতি চাল সাড়ে ২৬ টাকা দরে বিক্রি হলেও দুই কিলোমিটার দূরে রেয়াজুদ্দিন বাজারে গিয়ে দেখা গেছে খুচরা দোকানে সে চাল বিক্রি হচ্ছে ৩১ টাকায়। ডিসেম্বরের শেষ দিকে চালের দাম বাড়ার পর গত কয়েক দিন ধরে কমতে শুরু করে। এই কয়েক দিনে পাইকারি বাজারে দুদফা দাম কমেছে। অথচ খুচরা বাজারে দাম কমেছে মাত্র একবার। দাম কমার সঙ্গে সঙ্গে আড়তগুলোতে বিক্রিও কমে গেছে। আড়তদার ও পাইকারি বিক্রেতারা বলছেন , খুচরা বিক্রেতারা অধিক পরিমাণ চাল মজুদ করার কারণেই এখনও চালের দাম কমছে না। একই কারণে পাইকারি বাজারে বিক্রি কমে গেছে বলে ব্যবসায়ীরা উল্লেখ করেন। চাক্তাই এলাকার চালের আড়তদার হাজী নুরুল আজীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে দাম না কমার সঙ্গে পাইকারি বাজার দরের কোন সম্পর্ক নেই। ডিসেম্বরের শেষ দিকে চাল সংকটের আশঙ্কায় খুচরা দোকানিরা বেশি বেশি চাল কেনা শুরু করলে দাম বেড়ে যায়। তাদের মজুদ এখনও শেষ না হওয়ায় খুচরা বাজারে দাম কমছে না বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, "তারা বেশি দামে কেনা চাল তো আর লোকসান দিয়ে বিক্রি করবে না। সে চাল বিক্রি শেষ না হওয়ায় তারা নতুন করে পাইকারি বাজার থেকে চাল সংগ্রহ করছে না। এ কারণে আমাদের বিক্রিও কমে গেছে।" মঙ্গলবার দুপুরে চাক্তাই চালের আড়ত ঘুরে দেখা গেছে, ভারতীয় বেতি ৭৪ কেজির প্রতি বস্তা দুই দফা দাম কমে বর্তমানে বিক্রি হচ্ছে ১৯১০ টাকায়। অথচ ডিসেম্বরের শেষ দিকে তা বিক্রি হত ২১০০ টাকা। জানুয়ারির প্রথম সপ্তাহে এ দর ওঠে ২৩৮০ টাকা। বর্তমানে মিয়ানমারের বেতি চাল প্রতি বস্তা ১৯০০ টাকা, পারি সিদ্ধ ২২২৩ টাকা, মিনিকেট ২৫০০টাকা, পাইজাম চাল ২৪০০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারের এ দর অনুযায়ী প্রতি কেজি ভারতীয় বেতি চালের দাম পড়ে সাড়ে ২৬ টাকা, পাইজামের ৩৩টাকা, মিনিকেটের সাড়ে ৩৩ টাকা, বালাম সিদ্ধ চাল সাড়ে ২৭ টাকা এবং মিয়ানমার বা বার্মা বেতি সাড়ে ২৫ টাকা। অথচ এ বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে রেয়াজুদ্দিন বাজারে খুচরা দোকানগুলোতে একই চাল প্রতি কেজি ৩১টাকা, পাইজাম ৩৪ টাকা, মিনিকেট ৩৫টাকা, বালাম সিদ্ধ ৩৩ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা দোকানি কামাল মিয়া জানান, যেখানে ভারতীয় বেতি ৩৪ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে তা প্রতি কেজিতে ৩ টাকা কমেছে। এছাড়া অন্যান্য চালের দামও ২ থেকে ৩ টাকা করে কমেছে বলে তিনি জানান। পাইকারি বাজারের সঙ্গে খুচরা দোকানে দামের পার্থক্যের কথা উল্লেখ করে চাক্তাই ধান চাল ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক এনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে পাইকারদের কোন হাত নেই। সরকারের তরফ থেকে খুচরা দোকানে দাম পর্যবেক্ষণের ব্যবস্থা নেয়া হলে দাম কমতে পারে। হঠাৎ করে চালের দাম বাড়া প্রসঙ্গে তিনি বলেন, "উপদেষ্টার অসহায় বক্তব্য এবং ভারতে চালের মূল্য বেড়ে যাওয়ায় এবং সেখান থেকে আসা চাল সীমান্তে আটকে থাকায় পাইকারি ও খুচরা বাজারে মূল্য বৃদ্ধি পায়।" আর্ন্তজাতিক বাজারে দাম বাড়ায় দেশে চালের দাম বাড়ার বিষয়টি নাকচ করে ব্যবসায়ী এনামুল হক বলেন, "বর্ধিত দামের পণ্য এখনও আড়তে প্রবেশ করেনি। স্থল বন্দর এলাকার কিছু অসাধু আমদানিকারকের পণ্য গুদামজাতের কারণে দাম বেড়ে গেছে।" ভারত সরকার দাম বাড়ানোর পর নতুন ঋণপত্রে আমদানি করা চাল বাজারে আসতে শুরু করলে পাইকারি ও খুচরা বাজারে দাম দামের ওপর সামান্য প্রভাব পড়বে উল্লেখ করে তিনি বলেন, অস্বাভাবিকভাবে বাড়ার পর সরকারের গৃহিত পদক্ষেপে চালের দাম স্থিতিশীল হয়ে আসবে। তবে কেজি প্রতি বর্তমান দামের চেয়ে এক থেকে দেড় টাকা বাড়তে পারে বলে তিনি মনে করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০৪১ ঘ.