ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের অনুমোদন না থাকার কারণ দেখিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও জামায়াত সমর্থক সাবেক সচিব শাহ মো. আবদুল হান্নানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলা খারিজ করেছে আদালত।
মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করার অভিযোগে ৫ ডিসেম্বর কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন।
সোমবার দুপুরে মুখ্য মহানগর হাকিম মো. এমরান হোসেন চৌধুরী মামলাটি খারিজ করে দেন।
মামলা করার পর আদালত বাদীর জবানবন্দি নিয়ে তা এজাহার হিসেবে গণ্য করার জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। কিন্তু তেজগাঁও থানা পুলিশ সরকারি অনুমোদন নেই জানিয়ে পরের দিন সেটি আদালতে ফেরত পাঠায়।
এ বিষয়ে আদালত দু দফা আদেশ দেওয়ার তারিখ পরিবর্তন করে গত সোমবার সিদ্ধান্ত জানান।
বিচারক আদেশে বলেছেন, ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা অনুযায়ী সরকার বা সরকার কর্তৃক ক্ষমতা পাওয়া কোনো কর্মর্তার অভিযোগ দায়ের ছাড়া দণ্ডবিধির ১২১ (এ) ও ১২৩ (এ) ধারায় কোনো অপরাধ (রাষ্ট্রদ্রোহ) আমলে নেওয়ার সুযোগ নেই।
পুলিশের ভূমিকার উল্লেখ করে আদালত বলেন, "বর্তমানে মামলার ভারপ্রাপ্ত কর্মকর্তা তেজগাও এর সরকারি অনুমোদন প্রার্থনার একটা সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু সেই সুযোগ তিনি গ্রহণ করতে পারেননি।"
পরিস্থিতি বিশ্লেষণ শেষে বিচারক বলেন, "উপযুক্ত অবস্থা ও আলোচনার আলোকে বর্তমান মামলায় সরকারের কোনো অনুমোদন না থাকায় বর্ণিত অপরাধ আমলে নেওয়ার সুযোগ এ আদালতের নেই।"
মামলা খারিজের ঘটনায় বাদী ও তার আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে।
মো. ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সর্বস্তরের দেশপ্রেমিক ও সচেতন মানুষ এ মামলার বিষয়ে আদালতের কাছ থেকে ইতিবাচক আদেশ আশা করছিল। আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।"
বাদীর আইনজীবী মুহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, "মহানগর হাকিমের অযৌক্তিক আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন দাখিল করা হবে।"
আদালতে মামলা করার সময় বাদী অভিযোগ করেন, মুজাহিদসহ অন্য দুই আসামী ১৯৭১ সালে স্বাধীনতাকামী বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় তারা ঘাতক বাহিনী রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠন করেন। এসব বাহিনীকে তারা নির্দেশ দিয়ে স্বাধীনতাকামী জনগণকে হত্যা, নারী নির্যাতন, অগ্নি সংযোগ করেন।
এতে আরও বলা হয়, অভিযুক্তরা স্বাধীনতার ৩৬ বছর পরেও বাংলাদেশের পতাকা, সংবিধান, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস মেনে নিতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/জিএনএ/১৬৩৮ ঘ.
bdnews24