চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পৃথক তিনটি নারী নির্যাতন মামলায় রোববার দুইজনকে যাবজ্জীবন, দুইজনকে ১৪ বছর ও অপর এক মহিলাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রাম বিভাগীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (৩) বিচারক এম এ নুর এবং ট্রাইব্যুনাল (২) এর বিচারক শামসুল আলম খান এই রায় দেন।
নগরীর খুলশী থানাধীন গোল পাহাড় এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের দায়ে মোহাম্মদ জুম্মা ও মোহাম্মদ সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল (৩) এর বিচারক এম এ নুর।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল করিম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দিয়েছে।
তিনি জানান, দুই আসামি মামলার পর থেকেই পলাতক।
মামলার বিবরণে জানা গেছে, ২০০০ সালের ৩ নভেম্বর সন্ধ্যা সাতটায় নগরীর খুলশী থানাধীন গোল পাহাড় মোড় বটগাছের কাছে দুই আসামি এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ করেন জুম্মা ও সোহল। এ ঘটনায় ধর্ষিতার স্বামী জাহাঙ্গীর আলম ওইদিন খুলশী থানায় একটি মামলা করেন।
২০০১ সালের ২৬ ফেব্র"য়ারি মামলার অভিযোগপত্র দাখিল এবং ৩ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়।
হাটহাজারীতে তিন মহিলাকে আটকে রেখে জোরপূর্বক পতিতা বৃত্তিতে নিয়োগের অপরাধে একই আদালত মোহাম্মদ শাহীন নামে এক ব্যক্তিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড। একই মামলায় সেলিনা আক্তার নামে অপর আসামিকে দশ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরনে জানা যায়, চাকরির প্রলোভন দেখিয়ে আসামিরা ঝর্ণা আক্তার, সীমা বেগম ও জেসমিন আক্তার নামে তিন মহিলাকে ২০০৪ সালের ৮ অক্টোবর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত হাটহাজারীর একটি ভাড়া বাসায় আটকে রাখেন। এ সময় আসামিরা তাদের পতিতাবৃত্তি করতে বাধ্য করেন।
কৌশলে ছাড়া পাওয়ার পর ঝর্ণা আক্তার ৫ ডিসেম্বর হাটহাজারী থানায় একটি মামলা করেন। এই অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করে হাটহাজারী থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ২০০৫ এর ৫ মার্চ অভিযোগপত্র দাখিল করেন এবং পরের বছর ১৩ ফেব্র"য়ারি আদালতে অভিযোগ গঠন করা হয়।
কিশোরী অপহরণ মামলায় নেজাম উদ্দিন নামে এক যুবককে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল (২) এর বিচারক শামসুল আলম খান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবর রহমান ফারুক জানান, রাউজানের গহিরা এলাকায় ২০০৫ সালে এক কিশোরীকে অপহরণের দায়ে নেজাম উদ্দিনকে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এএসবি/১৯৪০ ঘ.
bdnews24